সাবিনাদের জন্য ঝুঁকিপূর্ণ কমলাপুরই শেষ কথা

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৭:২০ এএম

কমলপুর স্টেডিয়ামের নিম্নমানের কৃত্রিম টার্ফ ফুটবলারদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ, সেটা ফুটবলাঙ্গনের সবার জানা। এখানে খেলে অনেক খেলোয়াড়ের ক্যারিয়ার শেষ হয়ে গেছে। অনেককেই দীর্ঘসময়ের জন্য ছিটকে যেতে হয়েছে। ঝুঁকির এই দিকটা যখন ফুটবলাঙ্গনে ওপেন সিক্রেট তখন এই মাঠটাই নারী ফুটবল দলের জন্য শেষ কথা। আর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী ফুটবল কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণের কাছে এই টার্ফ ততটা ঝুঁকিপূর্ণও নয়, যতটা এ নিয়ে সমালোচনা হয়! তার দাবি, এখানে খেলে এখন পর্যন্ত কোনো নারী ফুটবলার চোট পায়নি।

এই মাঠে আগামী ১ ও ৪ ডিসেম্বর সিঙ্গাপুর জাতীয় ফুটবল দলের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে সাবিনা খাতুনরা। বাফুফে কর্তারা আশা করছেন ছেলেদের ফুটবলের মতো নারী ফুটবল দলকে সমর্থন জানাতে হাজারো দর্শক উপস্থিত হবেন গ্যালারিতে। দর্শক উপস্থিতি বাড়াতে গ্যালারি রাখা হচ্ছে উন্মুক্ত। বিনে পয়সায় দুটি ম্যাচ দেখার সুযোগ পাবেন ফুটবলপ্রেমীরা। খুব ভালো উদ্যোগ। তবে বারবার কেন এই ঝুঁকিপূর্ণ টার্ফে ঠেলে দেওয়া হচ্ছে সাবিনাদের। গতকাল এরকম প্রশ্ন করা হয়েছিল নারী ফুটবলের সর্বময় কর্তা কিরণকে। প্রথমে কিরণ জানালেন দেশের রাজনৈতিক উত্তেজনার কথা, সফরকারী দলের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই নাকি তারা কমলাপুরে আয়োজন করছে এই ম্যাচ। ঢাকার বাইরে এই ম্যাচ আয়োজন নাকি নিরাপদ নয়। অথচ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকার বাইরের চেয়ে ঢাকাতেই নাশকতার ঘটনাগুলো বেশি ঘটছে। তো ঢাকাতেই যদি ম্যাচ আয়োজন করতে হবে, তবে কেন বসুন্ধরা কিংস অ্যারেনাকে বেছে নেওয়া হলো না? কিরণের জবাব, ‘সেই মাঠে অনেক বেশি খেলা হয়। মেয়েরা সবসময় কমলাপুরেই প্র্যাকটিস করে, কমলাপুরে আপনারা যেভাবে বলছেন, ওভাবে কখনোই মেয়েদের ইনজুরি হয় না। তাই আমরা মনে করেছি, আমরা কমলাপুরে খেলতে পারি, কোনো সমস্যা নেই।’

ভালোমানের মাঠ ভালো ফুটবলের পূর্বশর্ত। অভিজ্ঞ কোচ সাইফুল বারী টিটু এটা ভালোই জানেন। তবে গতকাল তিনিও কমলাপুরের টার্ফে সেভাবে সমস্যা দেখছেন না, ‘এশিয়ান গেমসের প্রস্তুতি আমরা ঘাসের মাঠেই নিয়েছিলাম। এশিয়ান গেমসের পর এসে লেবাননের বিপক্ষে ম্যাচটা ছিল কৃত্রিম মাঠে। তাই আমরা টার্ফে অনুশীলন করি। আর বিশ্বে এখন নিয়মিতই টার্ফে খেলা হয়, তাতে সমস্যা নেই। কমলাপুর মাঠটা বহুল ব্যবহৃত হওয়ায় হয়তো একটু সমস্যা হয়তো হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত