মনোনয়ন জমা দিলেন অলরাউন্ডার

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৩:০৭ পিএম

মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান আজ বৃহস্পতিবার দুপুরে মনোয়নপত্র জমা দিয়েছেন।

তিনি মাগুরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মোহাম্মদ আবু নাসের বেগের কাছে মনোনয়নপত্র জমা দেন। একই সাথে মনোয়নপত্র জমা দিয়েছেন মাগুরা-২ আসনের বর্তমান সংসদ সদস্য ড. বীরেন শিকদার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সহসভাপতি মুন্সী রেজাউল হক, আবু নাসির বাবলু প্রমুখ।

এ রিপোট লেখা পর্যন্ত মাগুরা-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সিরাজুস সাইফিন সাঈফ, বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল ইসলাম, মাগুরা-১ আসনে জাকের পার্টির মনোনীত প্রার্থী মাসুদ পারভেজ, মাগুরা-২ আসনে জাকের পার্টি মনোনীত প্রার্থী হায়দার আলী জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার মোহাম্মদ আবু নাসের বেগের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়ন জমা দেওয়ার পর মাগুরা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসান ও মাগুরা-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. বীরেন শিকদার নির্বাচনে জয় লাভের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

মাগুরা-১ আসনে সাকিবের মনোয়নপত্র জমা দেওয়ার পর সাইফুজ্জামান শিখর এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাকিব আল হাসানকে মনোয়ন দেওয়ার পর আমরা নির্বাচনী কার্যক্রম শুরুর প্রস্তুতি নিয়েছি। আমরা খুবই আশাবাদী যে সাকিবকে মাগুরা-১ আসন থেকে বিজয়ী করে এ আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত