মাঠের ফুটবলে সময়টা ভালো কাটছে না ব্রাজিলের। অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজের অধীনে নিজেদের শেষ তিন ম্যাচেই হারের মুখ দেখেছে সেলেসাওরা। এমনকি প্রথমবারের মতো ঘরের মাঠে ফিফা বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচও হেরেছে। টানা হারের প্রভাব পড়েছে তাদের র্যাঙ্কিংয়েও। বাংলাদেশ আগের মতোই আছে ১৮৩ নম্বরে।
সবশেষ ফিফা উইন্ডোর পর পাঁচে নেমে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অর্থাৎ ব্রাজিল পিছিয়েছে দুই ধাপ। আর শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ব্রাজিল নেমে যাওয়ায় উপরে উঠে এসেছে ইংল্যান্ড এবং বেলজিয়াম। ইংল্যান্ড আছে র্যাংকিংয়ের তৃতীয় স্থানে আর বেলজিয়ামের অবস্থান চতুর্থ।
টানা হারের পর এক ধাক্কায় ২৫ এর বেশি রেটিং পয়েন্ট হারিয়েছে ব্রাজিল। বর্তমানে তাদের রেটিং ১৮১২.২। আলবিসেলেস্তেদের রেটিং বেড়েছে ৯। ১৮৬১.২৯ রেটিং নিয়ে সবার উপরে থাকা আরও পোক্ত করল আর্জেন্টিনা। আর ১৯৫৩.১১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইউরোপিয়ান জায়ান্ট ফ্রান্স।
এছাড়া এক ধাপ করে পিছিয়ে যথাক্রমে ছয় ও সাতে অবস্থান নেদারল্যান্ডস ও পর্তুগালের। তবে এরপর বাকি তিনদলের অবস্থান পরিবর্তন হয়নি। র্যাঙ্কিংয়ে যথাক্রমে ৮-১০ এ আছে স্পেন, ইতালি ও ক্রোয়েশিয়া।
