রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে একজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ ছাড়া চারজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছে। রাতভর হামলার খবর নিশ্চিত করে গতকাল বৃহস্পতিবার ইউক্রেনের কর্মকর্তারা এসব তথ্য দেন। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লিমেনকো এবং স্থানীয়রা হতাহতের খবর নিশ্চিত করেন। অঞ্চলটির ছয়টি বসতিতে আক্রমণ চালায় রুশরা।
দোনেৎস্ক অঞ্চলটির বেশিরভাগ রাশিয়া দখল করে নিয়েছে এবং মস্কো এখন দোনেৎস্ক অঞ্চলের পুরোটাই দখলে নিতে চায়। ইউক্রেনের কর্মকর্তারা জানান, পোক্রোভস্ক, নভোরোদিভকা এবং মিরনোরাদ এলাকায় হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়, যার মধ্যে চারজন শিশু। আরও পাঁচজন ধ্বংসস্তূপে আটকা পড়ে রয়েছে। পরে জানানো হয়, নিখোঁজদের একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
আবার ইউক্রেনের সামরিক বাহিনী গতকাল দাবি করেছে, রাশিয়া রাতভর ২০টির মতো ড্রোন ছুড়েছিল। এর মধ্যে ১৪টিই আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দ্বারা ভূপাতিত করা হয়েছে।
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে গত বছর শীতকালে রাশিয়া ব্যাপক ড্রোন হামলা চালায়। এতে দেশটির জ¦ালানি ও বিদ্যুৎ অবকাঠামোসহ নানা স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
