রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নব্য জেএমবির মিডিয়া শাখার পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন গতকাল বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বুধবার রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে নব্য জেএমবির মিডিয়া শাখার সক্রিয় সদস্য সোয়েব আখতার ওরফে টুটুলকে গ্রেপ্তার করে সিটিটিসি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে নব্য জেএমবির শীর্ষ নেতা। সে ও তার অন্য পলাতক সহযোগীরা নব্য জেএমবির আদর্শে উজ্জীবিত হয়ে প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষতি সাধনের জন্য নাশকতামূলক কর্মকা-ের পরিকল্পনা ও চেষ্টা করছিল।
পাঁচজনকে গ্রেপ্তারের বিষয়ে এ কর্মকর্তা আর জানান, গত ২২ অক্টোবর রাজধানীর মুগদা থানা এলাকা থেকে নব্য জেএমবির মিডিয়া শাখার সক্রিয় সদস্য মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে সিটিটিসি। জিজ্ঞাসাবাদের তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত ২৫ অক্টোবর পটুয়াখালীর মির্জাগঞ্জ থানা এলাকা থেকে ওই সংগঠনের আরেক সক্রিয় সদস্য মো. সজীব ওরফে যায়েদ ইবনে ইসমাঈলকে গ্রেপ্তার করা হয়।
উপকমিশনার ফারুক আরও জানান, সজীবের দেওয়া তথ্যর ভিত্তিতে গত ১৫ নভেম্বর রংপুর মহানগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে একই গ্রুপের অন্য এক সদস্য মুহাম্মদ নাঈম হাসানকে গ্রেপ্তার করে সিটিটিসির একটি দল। এ সময় তার কাছ থেকে মিডিয়া শাখার কাজে ব্যবহৃত একাধিক ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে গত ২২ নভেম্বর টঙ্গী পূর্ব থানার টঙ্গী বাজার এলাকায় অভিযান চালিয়ে হাসিব খান ওরফে বাঁধনকে গ্রেপ্তার করা হয়। আর হাসিবের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার মহাখালী এলাকা থেকে টুটুলকে গ্রেপ্তার করে পুলিশ।
হিযবুত তাহরীরের দুই সদস্য গ্রেপ্তার : গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এটিইউ পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মাহফুজুল আলম রাসেল। গ্রেপ্তাররা হলেন মো. ওমর ফারুক ওরফে এস এম রোকনুজ্জামান ওরফে আবদুল্লাহ ওরফে ওসমান (২৮) ও মো. আসিফ শাহরিয়ার ওরফে সোহেল হার্ট ওরফে জাদ্দারি বিশ্বাস (২১)।
