নৌকার বিরুদ্ধে লড়বেন ডা.মুরাদ হাসান

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:০৪ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের পাঁচটি আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩৮জন প্রার্থী। এ প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে ডা.মুরাদ হাসানসহ ১০জন প্রার্থী বিদ্রোহী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। 
 
জানা যায়, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ) আসনে উপজেলা আওয়ামী লীগের সদস্য জিয়াউল হক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। জামালপুর-২ (ইসলামপুর) আসনে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর জিয়াউল হক জিয়া, জেলা আওয়ামী লীগের সদস্য শাহজাহান আলী মন্ডল শাহীনুজ্জামান শাহীন মনোনয়নপত্র দাখিল করেছেন।

জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসনের বর্তমান সংসদ সদস্য ডা.মুরাদ হাসান দলীয় মনোনয়ন না পেলেও তার কর্মী সমর্থকরা মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ আব্দুর রশিদ, সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা মনোনয়নপত্র দাখিল করেছেন।

জামালপুর-৫ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রেজনু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী ও পৌর আওয়ামী লীগের অন্তর্গত ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন। 

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, ‘যারা আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদন করেছিলেন, তাদের মধ্যে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের বিদ্রোহী বলা যাবে না। তারা স্বতন্ত্র প্রার্থী। গণভবনের নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনার ক্যাটাগরির বাইরে যে সকল আওয়ামী লীগের পদ-পদবীধারী নেতারা নির্বাচনে অংশ গ্রহণ করবেন তাদের বিরুদ্ধে সংগঠনের নির্বাচনীবিধি মোতাবেক সাংগঠনিক ব্যবস্থাগ্রহন করা হবে।’ 

উল্লেখ্য, এ জেলায় মোট ভোটার সংখ্যা ২০ লাখ ৩ হাজার ৯৩৯ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৯৯ হাজার ২০১ জন এবং ১০ লাখ ৪ হাজার ৭২৩ জন রয়েছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত