হাসপাতাল থেকে বাসায় ফিরে যা বললেন পিয়া

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০১:১৩ পিএম

বিয়ের পর মধুময় সপ্তাহ পার হওয়া তো দূরের কথা, বিয়ের পরদিনই হাসপাতালে ভর্তি করাতে হয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জির স্ত্রী সংগীতশিল্পী পিয়া চক্রবর্তীকে। কিডনিতে পাথর হওয়ায় যন্ত্রণায় কাতর ছিলেন এ গায়িকা।

হাসপাতালে সফল অস্ত্রোপচার হওয়ার পর গায়িকার নতুন স্বামীর ঘরে ফেরা এবং স্বাস্থ্যজনিত সুসংবাদের অপেক্ষায় ছিলেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। তার হঠাৎ হাসপাতালে ভর্তির খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তারা। তবে হাসপাতাল থেকে বাসায় ফিরে নিজেই আপডেট জানিয়েছেন পিয়া।

বুধবার (২৯ নভেম্বর) রাত ১০টার দিকে সোশ্যাল মিডিয়া ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দেন পিয়া। ছবিতে বিছানার পাশে টেবিলে নিয়ন আলোয় ফুলদানিতে একগুচ্ছ ফুল দেখা যাচ্ছে।

গায়িকা ক্যাপশনে লিখেছেন, হাসপাতাল থেকে বাসায় ফিরে এসেছি। এখন সুন্দর একটা পারিবারিক সময় কাটানোর জন্য উন্মুখ হয়ে আছি। আপনাদের সবার ভালোবাসা এবং শুভেচ্ছায় আপ্লুত। অনেক অনেক কৃতজ্ঞ।

এর আগে গত রবিবার রাতে একবার হাসপাতালে যেতে হয়েছিল পিয়াকে। তখন কিছু ওষুধ দিয়ে ওইদিনের মতো ছেড়ে দেয়া হয়। কিন্তু যন্ত্রণা থেকেই যায় তার। এ জন্য মঙ্গলবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। ওই দিনই অস্ত্রোপচার হয়।

জানা গেছে, আপাতত অনেক ভালো আছেন পিয়া। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন। আর আগের থেকে এখন ভালো আছেন এ গায়িকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত