রণবীর হাজির প্রথাভাঙা লুকে

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০১:৪৪ এএম

এমন রুদ্রমূর্তিতে আবির্ভূত হবেন ঋষিপুত্র তা হয়তো আগে অনেকেই ভাবেননি। এভাবে তাকে দেখে অভ্যস্ত নন তার ভক্ত-অনুরাগী, এমনকি সাধারণ দর্শকরাও। ভারতীয় রোমান্টিক ও ফ্যামিলি ড্রামার প্রিয়মুখকে দেখা গেল বর্বর অ্যান্টিহিরো লুকে। অবশ্য ভারতজোড়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথাভাঙা নতুন কিছু নয়। আর তারই নতুনতম সংযোজন এই মুভি। আপনি যখন এই লেখাটি পড়ছেন তখন বিশ্বব্যাপী সিনেমা হলগুলোতে হিংস্র থাবা বসিয়েছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’। এ লেখায় রইল এই মুভি সম্পর্কে এমন কিছু কথা, যা আপনি জানেন না।

রণবীর কাপুর তার নতুন ফিল্ম ‘অ্যানিমেল’-এ বলিউডি অ্যান্টিহিরোকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন। মুভিতে তাকে একেবারেই অন্যরকমভাবে উপস্থাপন করা হয়েছে। দেখানো হয়েছে রক্তপাত থেকে শুরু করে অনেক বেসামাল যৌনদৃশ্য। এসব ক্ষেত্রে আগ্রাসী অথচ আবেগপূর্ণ এক রণবীরকে দেখতে পাবেন দর্শকরা। ছবিটিতে তার চরিত্র অর্জুন সিংকে একজন সমাজবিরোধী ও হিংসাপ্রবণ হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে। ভুল জীবনযাপনে অভ্যস্ত এক মানুষ রণবীর। ক্রাইম অ্যাকশন ড্রামাটিতে অর্জুনের ক্রোধের আগুনে পুড়েছে যেন তার পুরো পৃথিবী।

‘বাচনা আয়ে হাসিনো’ থেকে ‘রকস্টার’ হয়ে ‘সঞ্জু’-এর রণবীরকে কখনোই এভাবে দেখতে পাননি তার ভক্ত ও অনুরাগীরা। এ যেন অন্য এক রণবীর। অ্যানিমেলে ‘খারাপ ছেলেটি’ নিষ্ঠুর ও বর্বরতার এক জ্বলন্ত উদাহরণ। এখানে গল্প এগিয়েছে অর্জুনের জীবনের সহিংসতাকে পুঁজি করে। পরিচালক বাঙ্গা তাকে ক্ষুব্ধ-রাগী যুবকের চরিত্রে উপস্থাপন করতে মরিয়া ছিলেন। আর এভাবেই প্রথা ভেঙেছেন অর্জুনরূপী রণবীর।

একমাত্র ব্যতিক্রম ‘রকস্টার’ ধরলে রণবীর মূলত একজন রোমান্টিক নায়ক। রণবীর কাপুরকে প্রেমিক, প্রেমময় চরিত্রে দেখা গেছে সব সময়। ব্যতিক্রম ঘটল এবার। রণবীর কাপুর অর্থাৎ অর্জুন সিং অ্যানিমেলে একটি অদ্ভুত চরিত্র চিত্রায়ণ করেছেন। এখানে বাবার প্রতি চরম ভালোবাসার কারণ খুঁজতে গিয়ে তার স্ত্রী গীতাঞ্জলির চরিত্রে রাশমিকা মন্দানাকে ক্ষুব্ধ হয়ে বলতে শোনা যায় ‘বাবার প্রতি তোমার ভালোবাসা কোনো ভালোবাসা নয়, এটি একটি রোগ’।

ছবিতে দেখা গেছে, বেড়ে ওঠার বছরগুলোতে বাবা-মার মনোযোগ ও স্নেহ থেকে বঞ্চিত হয়ে অস্থিরতার দিকে ধাবিত হয় সে। এ থেকেই ক্রমশ বিকৃত ও সহিংসতাপ্রবণ হয়ে ওঠে রণবীর এবং শেষ পর্যন্ত একজন গ্যাংস্টারের জীবন বেছে নেয়। এভাবেই একজন রোমান্টিক নায়কের কমফোর্ট জোন থেকে বেরিয়ে যান রণবীর কাপুর। যা এই বলিউড রোমান্টিক হার্টথ্রবের জন্য একেবারেই বেমানান।

অ্যানিমেলে রণবীর কাপুর তার ভূমিকা ব্যাখ্যা করার জন্য একটি রেফারেন্সের সাহায্য নেন। ছবির ট্রেলার লঞ্চের দিন তার বাবা প্রয়াত অভিনেতা ঋষি কাপুরকে স্মরণ করে তিনি বলেছিলেন, ‘আমি কখনো এরকম শুনিনি বা অনুভব করিনি। আমি মনে করি অবশেষে, অবচেতনভাবে, আমি আমার বাবার কথা ভেবেছিলাম তিনি যেভাবে কথা বলতেন। তিনি খুব আবেগপ্রবণ এবং আক্রমণাত্মক মানুষ ছিলেন।’ তিনি আরও বলেছিলেন, ‘আমি যখন বড় হচ্ছিলাম, তখন আমার বাবা খুব ব্যস্ত ছিলেন। তিনি বেশিরভাগ সময় শুটিং করতেন, তাও ডাবল শিফট এবং ট্রিপল শিফট। আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না। আমরা বসে বসে আড্ডা দিতে পারিনি এবং আমার জীবনে সে অনুশোচনা আছে। আহা! আমি যদি আমার বাবার সঙ্গে বন্ধুত্ব করতে পারতাম।’

অর্জুন সিংয়ের মতো ‘অপূর্ণ চরিত্রে’ অভিনয় করার ক্ষেত্রে রণবীর কাপুর সব প্রথা ভেঙেছেন। তিনি এই ছবিতে তার প্রত্যাশাকে অতিক্রম করে গেছেন। বেরিয়ে এসেছেন ঐতিহ্যবাহী চকলেট-বয় ইমেজ থেকে। অ্যানিমেলকে নিয়ে তিনি বলিউডের সুপারস্টারডমের সবচেয়ে কাছাকাছি পৌঁছে যাবেন এমনটাই ভাবছেন চলচ্চিত্র সমালোচকরা।

ডেকান ক্রনিকল ও ভারতীয় একাধিক ওয়েবসাইট অবলম্বনে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত