সিটির চেয়ে আরও এগিয়ে শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১০:৪৩ এএম

ম্যাচের নিয়ন্ত্রণ নিতে দেরি করেনি আর্সেনাল। শুরুতে দুটি গোল করে জয়ের পথে অনেকটা এগিয়ে যায় তারা। উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স শেষ দিকে ব্যবধান কমালেও ম্যাচে ফিরতে পারেনি। দারুণ জয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান মজবুত করেছে আর্সেনাল।

ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে গতরাতে ২-১ গোলে জিতেছে আর্সেনাল। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেছে তারা। ১৪ ম্যাচে ৯ জয় ও ৪ ড্রয়ে আর্সেনালের পয়েন্ট হলো ৩৩। এক ম্যাচ কম খেলে ২৯ পয়েন্ট শিরোপাধারী সিটির।

ষষ্ঠ মিনিটেই দলকে এগিয়ে নেন বুকায়ো সাকা। ডিফেন্ডার তাকেহিরো তোমিইয়াসুর পাস বক্সে পেয়ে জটলার ভেতর থেকে শটে গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড। ত্রয়োদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্টিন ওডেগোর। প্রথমার্ধের বাকি সময়ে ব্যবধান বাড়ানোর সুযোগ হারান গাব্রিয়েল জেসুস ও গাব্রিয়েল মার্তিনেল্লি। ২১ গজ দূর থেকে ডেকলান রাইসের একটি শট পোস্টে লাগে।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে আর্সেনাল। তবে প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তায় ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা। উল্টো নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে ব্যবধান কমানো গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাথেউস কুনইয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত