ভাড়া করা টোকাই দিয়ে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে বিএনপি: কাদের

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:৪২ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘চোরাগোপ্তা হামলার জন্য এখন বিএনপি কর্মী পাচ্ছে না। তারা এখন ভাড়া করা টোকাই দিয়ে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে।’

আজ রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'তারা সন্ত্রাস, অগ্নি সন্ত্রাস, হিংসা, চোরাগোপ্তা হামলা, নাশকতা, স্বাভাবিক পথ থেকে বিচ্যুত হয়ে তারা রাজনীতিটাকে সন্ত্রাসের দিকে নিয়ে যাচ্ছে। প্রতিদিন গাড়ি পোড়াচ্ছে। বিআরটিসি চেয়াম্যান আমাকে জানাল, ১৭টি গাড়ি পোড়ানো হয়েছে। বেসরকারি অনেক গাড়ি; ২৭৫টির মতো হিসাব আমরা পেয়েছি। গাড়িতে আগুন লাগানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে। তারা ২০১৪-১৫ সালে যে অপকর্মটি করেছে, পার্ক (পার্কিং) করা গাড়ি হেলপার শুয়ে আছে, ড্রাইভার শুয়ে আছে। পাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। গাড়িও পুড়ে গেছে, ড্রাইভার-হেলপারও পুড়ে গেছে। ঠিক একই ঘটনা বাস-হেলপার বেলাল হোসেনের বেলায় ঘটেছে। এটা খাগড়াছড়ির ঘটনা।'

তিনি বলেন, 'এখন তাদের গণবিরোধী রাজনীতি সমর্থন না দিলে তারা জনগণকে শত্রু ভাবে। বেলাল হোসেনের একটা নিরীহ বাস-হেলপার...তার ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। তাদের নির্মম শিকার।'

বিএনপির আন্দোলন প্রসঙ্গে কাদের বলেন, ‘এখন তারা অবরোধ ডাকছে, হরতাল ডাকছে। লন্ডনে বসে নির্দেশ দিচ্ছে, ফরমায়েশ দিচ্ছে দেশের ক্ষতি করার জন্য। রাজনৈতিক আন্দোলন তাদের ব্যর্থ। সে কারণে তারা নির্বাচনের রাজনীতিতে আসতে ভয় পায়। তারা নির্বাচনে আসতে ভয় এবং নির্বাচন যাতে না হতে পারে তার জন্য ষড়যন্ত্র করে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত