চট্টগ্রামে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:০৭ পিএম

চট্টগ্রামে ৭টি আসনের ১৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদের মধ্যে অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। আজ রবিবার (৩ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই- বাছাই কালে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেয়া ভোটার-সমর্থকদের তথ্যে গরমিল পাওয়া গেছে বলে জানিয়েছে রিটার্নিং অফিসার সূত্র। এছাড়া খেলাপী ঋণের কারণে কয়েকজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে রবিবার ৮টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। এর মধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে চট্টগ্রাম-১, ২, ৩, ৬ ও ১৩ এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ে চট্টগ্রাম-৪, ৫ ও ৮ এর মনোনয়নপত্র বাছাই করা হয়।

রিটার্নিং অফিসার কার্যালয় সূত্র জানায়, বাছাইকালে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. গিয়াস উদ্দিন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে গোলাম নওশের আলী, মো. শাহজাহান, রিয়াজ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নিজাম উদ্দিন নাছির, আমিন রসুল, চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) আসনে দিদারুল আলম, মো. সালাহ উদ্দিন, মো. ইমরান ও আখতার হোসেন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে নাসির হায়দার চৌধুরী ও মো. শাহজাহান, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে শফিউল আজম, চট্টগ্রাম-৮  (বোয়ালখালি-চান্দগাঁও) আসনে আবদুচ ছালাম, আরশেদুল আলম, বিজয় কুমার চৌধুরী ও মহিবুর রহমান বুলবুলের মনোনয়ন বাতিল করা হয়। চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনে কারো মনোনয়নপত্র বাতিল হয়নি।

রিটার্নিং অফিসার ও চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মো. ফখরুজ্জামান বলেন, মনোনয়নপত্রের সঙ্গে দেয়া ভোটার সমর্থকদের তথ্যে গরমিলের কারণে বিভিন্ন আসনে বেশ কিছু স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া খেলাপী ঋণ থাকায় কয়েকটি আসনের কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে, তাদের জন্য নির্ধারিত সময়ে আপিলের সুযোগ রয়েছে।

তিনি জানান, সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে চট্টগ্রাম-৭, ১২, ১৪, ১৫ ও ১৬ এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ে চট্টগ্রাম-৯, ১০ ও ১১ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

এদিকে, মনোনয়নপত্র বাতিলের বিরূদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত