কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের আওয়ামী লীগের প্রার্থী মো. নাসিরুল ইসলাম খানের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ। এই আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু এবারও দলের মনোনয়ন নিয়ে নির্বাচন করবেন।
নাসিরুল ইসলাম খানের মনোনয়নপত্র বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ। তিনি জানান, নাসিরুল ইসলামের বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও হলফনামায় এ তথ্য গোপন করেছেন। এ জন্য তাঁর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
নাসিরুল করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক। দীর্ঘদিন ধরে এ আসনটি মহাজোটের প্রার্থীদের ছেড়ে দেওয়া হচ্ছে। তাঁরা দীর্ঘদিন দাবি জানিয়ে আসছিলেন, এবার যাতে এখানে নৌকার প্রার্থী দেওয়া হয়। দল ক্ষমতা থাকা সত্ত্বেও বারবার জাতীয় পার্টির নেতা নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা অনেকটা বঞ্চিত ও অবহেলিত অবস্থায় ছিল। এবার এ আসনে দল প্রার্থী দেওয়ায় তাঁরা উৎফুল্ল ছিলেন।
