জার্মানিতে হতে যাওয়া ইউরো ২০২৪ আসরে নিজেদের ‘সি’ গ্রুপে সঙ্গী হিসেবে পেয়েছে ডেনমার্ক, সার্বিয়া ও স্লোভেনিয়া। র্যাঙ্কিংয়ে তিনে থাকা ইংল্যান্ড সাম্প্রতিক ফর্ম বিবেচনায় বড় স্বপ্ন দেখতেই পারে। গতবার ফাইনাল হারের কষ্ট সইতে হয় সমর্থকদের। তবে দলটির কোচ গ্যারেথ সাউথগেটও এবারের আসর নিয়ে বেশ রোমাঞ্চিত।
তিনি জানান, ‘খেলোয়াড়রা বড় ম্যাচ খেলতে অভ্যস্ত এবং নিয়মিতভাবে তারা সেটা খেলছে। তারা একসঙ্গে এবং আলাদাভাবে বড় ম্যাচে খেলতে অভ্যস্ত। তাই আমরা রোমাঞ্চিত এবং সবাই গ্রীষ্মের জন্য উন্মুখ হয়ে আছি।’
২০১৬ সাল থেকে দায়িত্ব নেওয়ার পর সাউথগেটের অধীনে নিয়মিতভাবে ভালো করছে ইংল্যান্ড। ১৯৯০ সালের পর প্রথমবার তারা বিশ্বকাপের সেমিফাইনালে খেলে ২০১৮ রাশিয়া আসরে। প্রথমবার তারা ইউরোর ফাইনালে খেলে গতবার। সেখানে তাদের টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতে নেয় ইতালি।
গত বিশ্বকাপে ইংল্যান্ডের পথচলা থামে কোয়ার্টার-ফাইনালে। ইউরোর বাছাইয়ে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে মূল প্রতিযোগিতায় দারুণ কিছুর আশা জাগিয়েছে তারা। ড্র অনুষ্ঠানের পর দল নিয়ে বড় স্বপ্নের কথা বলেছেন সাউথগেটও। ‘আমরা মনে করি, স্কোয়াডটা একটা নির্দিষ্ট সময়ের জন্য তৈরি হচ্ছে এবং যেসব তরুণ খেলোয়াড় উঠে আসছে তাদের দিকে যদি তাকান, তাহলে দেখবেন ইংল্যান্ড অদূর ভবিষ্যতের জন্য আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে।’
