‘সিংহাম এগেইন’ সিনেমার মধ্য দিয়ে ফের অ্যাকশন অবতারে হাজির হতে যাচ্ছেন অজয় দেবগন। এবার সেই সিনেমার শুটিং সেটেই ঘটে গেল বড় দুর্ঘটনা।
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, ভিলে পার্লেতে সিনেমাটির শুটিং করছিলেন অজয় দেবগন। আর এখানেই শুট চলাকালীন দুর্ঘটনায় আহত হলেন অভিনেতা।
জানা গেছে, একটি মারামারির দৃশ্যের শুটিং করার সময় চোখে ও মুখে আঘাত লাগে অজয়ের। আচমকা ব্যথা পাওয়ায় কয়েক ঘন্টার জন্য বিরতি নিয়েছিলেন অভিনেতা। সেটেই তখন ডাক্তার এসে চিকিৎসা করেন। সেসময় পরিচালক রোহিত শেঠি বাকিদের নিয়ে শুট চালিয়ে নিচ্ছিলেন।
এদিকে সময় নষ্ট করতে একেবারেই রাজি হননি অজয়। তাই খানিক বিশ্রাম নিয়েই ফেরেন সেটে। ‘সিংহাম এগেইন’-এর টিম এখন ফিল্ম সিটিতে টানা শুটিং চালিয়ে যাবে।
রোহিত শেঠির কপ ইউনিভার্সের শুরু হয়েছিল ‘সিংহাম’ সিনেমার হাত ধরে, ২০১১ সালে। এরপর দ্বিতীয় কিস্তি ‘সিংহাম রিটার্নস’ মুক্তি পেয়েছিল ২০১৪ সালে। মাঝে আসে সিম্বা আর সূর্যবংশী। তবে এবার সিংহামের ফেরার পালা।
‘সিংহাম এগেইন’—এ অজয়ের সঙ্গে থাকছেন রণবীর সিং ও অক্ষয় কুমার, দীপিকা পাড়ুকোন, কারিনা কাপুর , টাইগার শ্রফ এর মত বলিউডের জনপ্রিয় তারকারা। এছাড়া আরও রয়েছেন সোনু সুড, প্রকাশ রাজ, ফারদিন খান, জ্যাকি শ্রফ এবং সিদ্ধার্থ যাদব প্রমুখ।
সব ঠিকঠাক থাকলে ২০২৪ এর আগস্টে আসবে ‘সিংহাম এগেইন’।