মিউজিক স্ট্রিমিং জায়ান্ট স্পটিফাই চলতি বছর তৃতীয় দফায় কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। সোমবারের (০৪ নভেম্বর) এ ঘোষণার ফলে চাকরি হারাতে পারেন প্রায় দেড় হাজার কর্মী। এর আগে দুই দফায় যথাক্রমে ৬০০ ও ২০০ জনকে ছাঁটাই করে প্রতিষ্ঠানটি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পুঁজিবাজারে স্পটিফাইয়ের শেয়ার ১১ শতাংশ বেড়ে ২০০.৪৬ ডলারে দাঁড়িয়েছে, যা দুই বছরের মধ্যে সর্বোচ্চ।
তবে কর্মীদের কাছে পাঠানো চিঠিতে স্পটিফাইয়ের সিইও ড্যানিয়েল জানান, ছাঁটাইয়ের কারণে বছরের চতুর্থ প্রান্তিকে প্রতিষ্ঠানটিকে প্রায় ১৩০ থেকে ১৪৫ মিলিয়ন ইউরো খরচ গুনতে হবে। ছাঁটাই হওয়া কর্মীরা পাঁচ মাসের বেতনসহ অন্যান্য সুবিধা পাবেন।
স্পটিফাই তার ব্যবসা সম্প্রসারণে এক বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে। ২০৩০ সালের মধ্যে প্রতিষ্ঠানটি এক বিলিয়ন ব্যবহারকারীর কাছে পৌঁছাতে চায়। ফলে বিশ্বের বেশিরভাগ দেশেই তার বাজার প্রসারিত হয়েছে। এর মধ্যেই ২০২৪ এবং ২০২৫ সালে ব্যয় কমানোর কৌশল গ্রহণ করছে প্রতিষ্ঠানটি।
