আসন্ন নির্বাচনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। তিনি বলেন, ‘আমাদের ওপর অর্পিত যে দায়িত্ব রয়েছে সেটা আমরা যথাযথভাবে পালন করতে সক্ষম রয়েছি।’
গতকাল মঙ্গলবার চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে (বিজিটিসিঅ্যান্ডসি) বিজিবির ১০০তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক এসব কথা বলেন।
বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা কাজ করছেন। নির্বাচন কেন্দ্র করে দেশের ভেতরে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কেউ নষ্ট করতে না পারে তাতে প্রতিদিনই সারা দেশে ২০০-২৫০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকছে। নির্বাচনের সময় সীমান্ত আরও বেশি সেনসিটিভ হয়ে যায়, সেজন্য তারা বিশেষ সতর্কতা অবলম্বন করে থাকেন।
বিজিবি মহাপরিচালক নবীন সৈনিকদের উদ্দেশে বলেন, সততা, আনুগত্য, কর্তব্যনিষ্ঠা ও শৃঙ্খলা চারটি গুণের সংমিশ্রণ ঘটিয়ে ‘সবার আগে দেশ, এরপর বাহিনীর স্বার্থ, অতঃপর অধীন ও সহকর্মীদের স্বার্থ এবং সর্বশেষে নিজের স্বার্থ’কে বিবেচনায় রেখে সবাইকে কাজ করতে হবে।
