ইসি আলমগীর বললেন

নির্বাচন সুষ্ঠু করতে মাঠে সেনাবাহিনী নামানো হবে

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৬:১৬ এএম

‘নির্বাচন প্রতিহত করতে বিচ্ছিন্ন কিছু সহিংস ঘটনা ঘটলেও তা ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে পারবে না। ভোটারদের ভালো উপস্থিতি থাকবে বলে আশাবাদ। নির্বাচনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে থাকবে সেনাবাহিনীও।’ গতকাল মঙ্গলবার ময়মনসিংহ জেলা পরিষদের ভাষাসৈনিক আবদুল জব্বার অডিটোরিয়ামে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভাগীয় ও জেলা প্রশাসনের নির্বাচনকাজে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে নির্বাচন কমিশনার মো. আলমগীর এ কথা বলেন।

ইসি আলমগীর বলেন, ‘আমাদের ওপর বিদেশি কোনো চাপ নেই। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে আমরা কী কী ব্যবস্থা নিয়েছি সে বিষয়ে জানতে চেয়েছে তারা।’

এদিকে বিকেলে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাচন-সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ইসি মো. আলমগীর। এ সময় তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে এবং ভোটাররা যাতে স্বাধীনভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সেজন্য আমাদের যা যা করা দরকার তা করব। এ নিয়ে নির্বাচন-সংশ্লিষ্ট সব কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

বিএনপির ডাকা অবরোধের কারণে ভোটে কোনো প্রভাব পড়বে কি না সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা এসব করছে তাদের জন্য আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে এবং এটা এলার্মিং পর্যায়ে যায়নি। সারা দেশের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, গাড়ি-ঘোড়া চলছে, সাধারণ মানুষ ব্যবসা-বাণিজ্য করছে। তাই ভোটের দিনও ভোটাররা ভয় পাবেন না, তারা ভোটকেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত