সাবেক কাউন্সিলরের ছেলেকে কুপিয়ে হত্যা

নিহতের বিরুদ্ধে এক যুবককে ছুরিকাঘাত ও অপর একজনকে মারপিটের অভিযোগ রয়েছে

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১০:১৬ এএম

বগুড়া শহরের নামাজগড় এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে আরিফ হাসান (২২) নামে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত আরিফ হাসান বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর জহুরুল ইসলামের ছেলে। তিনি শহরের সুলতানগঞ্জপাড়া উটের মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন। বুধবার সকালে এসব তথ্য নিশ্চিত করে সদর থানার উপশহর ফাঁড়ি ইনচার্জ জালাল উদ্দিন।

জালাল উদ্দিন জানান, তার বিরুদ্ধে এক যুবককে ছুরিকাঘাত ও অপর একজনকে মারপিটের অভিযোগ রয়েছে। ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার এবং বেশকিছু দিন কারাগারে ছিলেন আরিফ।

তিনি আরও জানান, পূর্ব শত্রুতার জের ধরেই হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটেছে বলে ধারনা করছে পুলিশ। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওলিউল্লাহ জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ সদস্যরা কাজ শুরু করেছেন। দ্রুতই আসামীদের গ্রেপ্তার করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত