মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ, দগ্ধ ৮

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:৩৮ এএম

রাজধানীর মহাখালীর রয়েল পেট্রোল পাম্পে গ্যাস পাইপ থেকে বিস্ফোরণের ঘটনায় ৮ জন দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। আজ বুধবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মামুন শেখ (২৮), মো. রানা (৩০), জীবন (২৬), সালাউদ্দিন (৪৫), আমির হোসেন (৩২), কামাল হোসেন (৫০), খায়ের (৪০) ও মাসুম (২৪)।

বিস্ফোরণে দগ্ধ মামুন শেখ জানান, দগ্ধরা সবাই পাম্পের কর্মচারী। রাত ৮টার দিকে তারা যখন কাজ করছিলেন, তখন পাম্পের ভেতর মেইন গ্যাস পাইপ বিস্ফোরিত হয়। তখন আশপাশে থাকা সবাই দগ্ধ হন।

পাশ্ববর্তী এবিএন সিএনজি পাম্পের ম্যানেজার মো. শহিদুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে আবুল খায়ের গাজী তাদের পাম্পের ইঞ্জিনিয়ার। রয়েল পাম্পে যখন প্রথম আগুন লাগে তখন সেখানে গিয়েছিলেন খায়ের। আগুন নেভানোর সময় আবার যখন বিস্ফোরণ হয় তখন তিনি দগ্ধ হন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা শাজাহান শিকদার জানান, রয়েল পেট্রোল পাম্পে আগুন লাগার খবর পাওয়া যায় রাত ৮টা ০৮ মিনিটে। আগুন নির্বাপণে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট কাজ করেছে।

তেজগাঁও শিল্প অঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, রয়েল পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত