ফৌজদারি আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড ও তা কার্যকরে আইনি বিধানকে অসাংবিধানিক ঘোষণার নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি করেন।
আবেদনে দন্ডবিধির ৫৩ ধারা এবং ফৌজদারি কার্যবিধির ৩৬৮(১) ধারাকে চ্যালেঞ্জ করা হয়েছে। দন্ডবিধির ৫৩ ধারায় মৃত্যুদন্ডের শাস্তির কথা বলা হয়েছে। অন্যদিকে ফৌজদারি কার্যবিধির ৩৬৮(১) ধারায় কীভাবে সর্বোচ্চ এই সাজা কার্যকর করা হবে তার ব্যাখ্যা রয়েছে। এ দুটি ধারা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না এ মর্মে রুল দেওয়ার আরজি জানিয়েছেন আইনজীবী।
আবেদনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ সচিবসহ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বিবাদী করা হয়েছে। রিট আবেদনকারী আইনজীবী জানান, কার্যতালিকায় এলে হাইকোর্টের সংশ্লিষ্ট একটি বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হবে।
অ্যাডভোকেট ইশরাত দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের আইন ও সাজার ধারণা এসেছে ব্রিটিশদের তৈরি আইন থেকে। কিন্তু সেই ব্রিটেনে কিন্তু এখন আর মৃত্যুদন্ডের সাজা নেই।’
