বিচারপতিদের অপসারণসংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের ওপর শুনানির দিন আগামী ১৮ জানুয়ারি ধার্য করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত ছয় বিচারপতির আপিল বিভাগ এ দিন ধার্য করে।
সাড়ে ৬ বছরের বেশি সময় আগে সাত বিচারপতির আপিল বিভাগ এ মামলায় রায় দেয়। এখন আপিল বিভাগে বিচারপতি আছেন ছয়জন। গত ১৬ নভেম্বর শুনানির ধার্য দিনে ছয় বিচারপতি শুনানি শুনতে পারেন কি না, রিটকারী আইনজীবীদের থেকে এমন আপত্তি ওঠে। পরে এ বিষয়ে আট জ্যেষ্ঠ আইনজীবীর মতামত নিয়ে আপিল বিভাগ ছয় বিচারপতির বেঞ্চে শুনানি হবে বলে সিদ্ধান্ত দেয়। এর ধারাবাহিকতায় বিষয়টি গতকাল শুনানির জন্য কার্যতালিকায় আসে।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটকারীপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।
২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়। এ সংশোধনীর বৈধতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন কয়েকজন আইনজীবী। ২০১৬ সালের ৫ মে হাইকোর্টের একটি বৃহৎ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী বাতিল ও অবৈধ বলে রায় দেয়। ২০১৭ সালের ৪ জানুয়ারি আপিল করে রাষ্ট্রপক্ষ।
