১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ঢাকা এবং সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো। রাজধানী ঢাকায় বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে ঢাকা মহানগর বিএনপি।
দেশ রূপান্তরকে এ কথা জানিয়ে গতকাল শুক্রবার দলটির নেতারা বলেছেন, তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করবেন। কর্মসূচিতে ‘গুম, খুন, ক্রসফায়ার ও কারা নির্যাতনের শিকার’ দলের নেতাকর্মীদের পরিবারের সদস্যরা অংশ নেবেন। এ ছাড়া ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীরা অংশ নেবেন। শান্তিপূর্ণ এই কর্মসূচিতে বাধা দিলে কিংবা কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য দেশ রূপান্তরকে বলেন, ‘হরতাল, অবরোধের কর্মসূচি থেকে বেরিয়ে আসার চিন্তাভাবনা চলছে দলের মধ্যে। আলোচনায় রয়েছে ঘেরাও, অসহযোগের মতো কর্মসূচি ঘোষণার। তবে কী কর্মসূচির ঘোষণা আসবে তা নির্ভর করছে বিশ^ মানবাধিকার দিবস উপলক্ষে সারা দেশে মানববন্ধন কর্মসূচির দিন সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আচরণের ওপর। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে না দিলে কিংবা কর্মসূচি থেকে নেতাকর্মীদের গ্রেপ্তার, হামলা করলে নতুন কর্মসূচির ঘোষণা আসবে। তবে কী কর্মসূচির ঘোষণা আসবে তা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।
গত বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ‘কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে জোর করে মানববন্ধন কর্মসূচি পালন করার চেষ্টা করলে এবং সেই মানববন্ধনে বিভিন্ন মামলার আসামিরা থাকলে তাদের গ্রেপ্তারে কোনো বাধা নেই।’
মানববন্ধন কর্মসূচির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে লিখিত আবেদন করা হয়েছে কি না, কিংবা অবহিত করা হয়েছে কি না জানতে চাইলে বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু দেশ রূপান্তরকে বলেন, ‘ঢাকা মহানগর বিএনপির ব্যানারে মানববন্ধন হবে। তারা অনুমতি চেয়েছে কি না, তারাই বলতে পারবে।’ পরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা সাইদুর রহমান মিন্টুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘নিশ্চয়ই এ বিষয়ে ডিএমপিকে অবহিত করা হবে।’
এর আগে গতকাল বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আগামী রবিবার মানববন্ধন করবে বিএনপি। সরকারের দিক থেকে বাধাবিপত্তি যদি আসে সবকিছু প্রতিহত করে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে এই মানববন্ধন কর্মসূচি সফল করতে হবে।’
ঢাকাসহ সারা দেশের সব পর্যায়ের নেতা-কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘যেসব পরিবার নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছে, গুম-খুন হয়েছেন, সেই সব পরিবারের সদস্যদের নিয়ে এসে আপনারা মানববন্ধনে উপস্থিত করবেন।’
এর আগে ৪ ডিসেম্বর ঢাকাসহ সারা দেশের জেলা সদরে ১০ ডিসেম্বর মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সমাবেশ প- করার অভিযোগ এনে এক দিনের হরতাল পালন করে যুগপৎ আন্দোলনে থাকা বিএনপি ও সমমনা দলগুলো। এরপর শুক্র ও শনিবার বিরতি দিয়ে রবি থেকে মঙ্গলবার সকাল ৬টা এবং মঙ্গলবার বিরতি দিয়ে বুধ ও বৃহস্পতিবার টানা ৪৮ ঘণ্টা করে অবরোধ কর্মসূচি পালন করে দলগুলো।
গতকাল শুক্রবার সকাল ৬টায় দশম দফার অবরোধ কর্মসূচি শেষ হয়। অন্যান্য সময়ে বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করলেও গত বৃহস্পতিবার পরবর্তী কর্মসূচি ঘোষণা করেননি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
অবরোধ কর্মসূচি শেষ হওয়ার আগেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো। কিন্তু এবার অবরোধ কর্মসূচির বাইরে মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
মানববন্ধন কর্মসূচি সফল করতে ঢাকা মহানগর বিএনপি প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে গতকাল সন্ধ্যায় ঢাকা মহানগর বিএনপি নেতারা দেশ রূপান্তরকে বলেন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করার জন্য।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রথম সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন বলেন, ‘অবরোধ কর্মসূচির পর মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছি আমরা। হরতাল, অবরোধের বাইরে নতুন কর্মসূচি নিয়ে দলের হাইকমান্ড চিন্তাভাবনা করছে বলে জানি। দলের পক্ষ থেকে যে কর্মসূচি দেবে আমরা তা পালন করব।’
মানববন্ধন কর্মসূচির পরে কী কর্মসূচি আসতে পারে জানতে চাইলে গণতন্ত্র মঞ্চের শরিক একটি দলের শীর্ষ নেতা দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা কয়েক দফায় হরতাল, অবরোধ কর্মসূচি পালন করেছি। এখন রবিবার মানবাধিকার দিবস উপলক্ষে সারা দেশে মানববন্ধন কর্মসূচি রয়েছে। কেন্দ্রীয়ভাবে ঢাকায়ও এই কর্মসূচি পালন করা হবে। মানববন্ধন কর্মসূচির পরে কী কর্মসূচি আসবে তা নির্ভর করছে কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার ওপর। এখনই এ বিষয়ে কিছু বলতে পারছি না।’
শাহবাগে মানবপ্রাচীর কর্মসূচি করবে মায়ের ডাক : মানবাধিকার দিবস সামনে রেখে আজ শনিবার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এক মানবপ্রাচীর কর্মসূচি পালনের কথা জানিয়েছে ‘গুম, ক্রসফায়ার ও কারা নির্যাতনের শিকার’ পরিবারের সদস্যদের সংগঠন মায়ের ডাক। সংগঠনটির সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মায়ের ডাকের পক্ষ থেকে ‘গুম-খুন, ক্রসফায়ার-কারা নির্যাতন বন্ধ করো : মানবাধিকার লঙ্ঘন রুখে দাড়াও’ শীর্ষক মানবপ্রাচীর কর্মসূচি হবে।
ড্যাবের কর্মসূচি : একইদিন বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি-সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।