আর্জেন্টিনার গ্রুপে চিলি কলম্বিয়াকে পেল ব্রাজিল

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৫ এএম

২০২৪ কোপা আমেরিকার ড্র হয়েছে বাংলাদেশ সময় গতকাল ভোরে। বলতে গেলে কঠিন গ্রুপেই পড়েছে কোপা আমেরিকার বর্তমান শিরোপাধারী আর্জেন্টিনা। গত আসরের রানার্সআপ ব্রাজিলের গ্রুপও বেশ শক্তিশালী।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে জাঁকজমক এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জানা গেল, ২০২৪ কোপায় কে কোন গ্রুপে। কনকাকাফ অঞ্চলের বেশ কিছু দল খেলবে এবারের আসরে। সব মিলিয়ে টুর্নামেন্টটি হবে ১৬ দলের। ‘এ’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে আছে পেরু ও চিলি। গ্রুপের অপর দল হবে কানাডা ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর মধ্যে যেকোনো একটি। ২০১৫ ও ২০১৬ সালে শতবর্ষী কোপার আসরে চিলির কাছেই ফাইনালে হেরেছিল আর্জেন্টিনা। এবার গ্রুপ পর্বেই পুরনো প্রতিপক্ষকে পাচ্ছে লিওনেল স্কালোনির দল।

ব্রাজিল আছে গ্রুপ ‘ডি’তে। সেলেসাওরা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে কলম্বিয়া ও প্যারাগুয়েকে। সঙ্গে যোগ দেবে কোস্টারিকা বা হন্ডুরাসের মধ্যে যেকোনো এক দল। আগামী মার্চে চূড়ান্ত হবে কোন দল যোগ দেবে।

আর্জেন্টাইন কোচ স্কালোনি দলের দায়িত্ব ছাড়তে পারেন। এমনকি কোপার ড্র অনুষ্ঠানে থাকবেন না, এমন খবর হয়েছিল। তবে ড্র অনুষ্ঠানে ছিলেন স্কালোনি। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তাপিয়াও ছিলেন। ড্র অনুষ্ঠানে আসার অর্থ যে সিদ্ধান্ত বদলেছেন স্কালোনি, এমনটিও নয়। ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো সময়সীমা আছে কি না, এমন প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, ‘না, নেই। এখানে বলাবলি হয়েছে এমন কয়েকটি বিষয় পরিষ্কার করা দরকার। আমার সঙ্গে প্রেসিডেন্টের সম্পর্ক সব সময়ই ঠিকঠাক ছিল। দুজনের মধ্যে কোনো সমস্যা নেই। ব্যাপারটা আসলে এর বাইরে। ভবিষ্যৎ নিয়ে ভাবার সিদ্ধান্তটা একান্তই আমার এবং কোচিং স্টাফদের। ভাবনাটা জাতীয় দলের জন্য কিসে ভালো হয় সেখান থেকে, যেটা আমরা সব সময়ই ভাবি।’

দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনের (কনমেবল) ১০ সদস্যের সঙ্গে যুক্ত হয়েছে উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের (কনকাকাফ) ৬ দল। ড্রয়ে দলগুলোকে এমনভাবে ভাগ করা হয়েছে, যেন একটি গ্রুপে চার দলই কনমেবলের না হয়, আর কনকাকাফের ৩ দল না হয়। ৪৮তম কোপা আমেরিকার এই আসরের পর্দা উঠবে আর্জেন্টিনা এবং পেরুর ম্যাচ দিয়ে। ২০ জুন আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে। ফাইনাল হবে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে, আগামী ১৪ জুলাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত