শরীয়তপুরে লোকালয়ে ঘুরছে মুখপোড়া হনুমান

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১২:৪৯ এএম

শরীয়তপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের স্বর্ণঘোষ এলাকার লোকালয়ে ঘুরছে একটি মুখপোড়া হনুমান। গতকাল শনিবার সকাল থেকে বড় আকারের হনুমানটি ওই এলাকায় দেখা যাচ্ছে। কখনো গাছে, দেয়ালে, আবার কখনো সড়কে ঘোরাফেরা করছে। হনুমানটি দেখতে ভিড় করছে উৎসুক জনতা।

স্বর্ণঘোষ এলাকার বাসিন্দা মোহাম্মদ উজ্জ্বল বলেন, ‘সকালে হনুমানটি স্বর্ণঘোষ দীঘিরপাড় এলাকায় অবস্থান করছিল। সেখান থেকে পাশের এলাকা বড়াইলের দিকে ছুটে যেতে দেখেছি।

স্থানীয় ব্যবসায়ী মো. কবির হোসেন বলেন, ‘হনুমানটিকে দীঘিরপাড় এলাকায় খুঁটির ওপরে দাঁড়ানো অবস্থায় দেখি। এ সময় অনেকেই প্রাণীটিকে কলা, পাউরুটি, বিস্কুট খেতে দেয়। বন্য প্রাণীটি হঠাৎ লোকালয়ে চলে আসায় উৎসুক জনতা দেখতে ভিড় করছেন।’

শরীয়তপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, ‘খাবারের অভাবে হনুমানটি লোকালয়ে চলে এসেছে। তাকে বিরক্ত না করাই উত্তম। আমার পরামর্শ থাকবে হনুমানটি থেকে যেন সবাই দূরত্ব বাজায় রাখে।’

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ খুলনা বিভাগের বিভাগীয় কর্মকর্তা নির্মল কুমার পাল বলেন, ‘হনুমানটি হয়তো দলছুট হয়ে লোকালয়ে চলে এসেছে। অনেকে বিভিন্ন ধরনের খাবার দেয় তাই তারা লোকালয় ছাড়তে চায় না। খাবার না দিলে কয়েক দিন পরে এমনিতেই চলে যাবে। বাংলাদেশের অনেক জায়গাতেই হনুমান ও বানরের বসবাস। তবে ধারণা করা যায় খুলনা বা মাদারীপুর থেকে শরীয়তপুরে ঢুকতে পারে হনুমানটি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত