মারধরের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আট শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ৯৬তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এদিকে ৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে লিফট অপারেটর পদে নিয়োগ পরীক্ষা দিতে আসা ১৭ চাকরি প্রার্থীকে আটকে রাখার ঘটনায় তদন্ত কমিটি গঠন ও মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক আব্দুর রশিদ জানান, গত ১৪ অক্টোবর বিএমই বিভাগের শিক্ষার্থীদের মারধরের ঘটনায় গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সোহেল রানাকে আজীবন এবং তানভীর আহমেদ আবিরকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়। একই দিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মারামারির ঘটনায় গণিত বিভাগের শিক্ষার্থী সোহেল রানা ও একই বিভাগের রেদওয়ান আহমেদ রাফিকে আজীবন, ফার্মেসি বিভাগের রাইসুল হক রানা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মো. বেলাল হোসেনকে দুই বছর এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ শোয়েব এবং ম্যানেজমেন্ট বিভাগের ফয়সাল আহমেদ রকিকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।
জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক আরও বলেন, এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত, মিথ্যা ঘটনা সাজানো ও তদন্ত কমিটির কাছে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নৃপেন্দ্রনাথ রায়কে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত হয়। তবে মানবিক দিক বিবেচনা করে আজীবন বহিষ্কৃত শিক্ষার্থীদের শাস্তির মেয়াদ দুই বছর কমানো হয়েছে।
তবে এ সময় তারা কোনো ধরনের অসদাচরণে জড়িত হলে কারণ দর্শানো ছাড়াই তাদের আজীবন বহিষ্কারের শাস্তি পুনর্বহাল হবে। একই ঘটনায় শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল-আমিন, শাহিনুর ইসলাম ও মো. রাজিব রাজুকে সতর্কীকরণ চিঠি এবং অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে; যা না করলে তারাও ছয় মাসের বহিষ্কারাদেশ পাবেন।
এ ছাড়া ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কার্যালয়ে ডিন, প্রক্টর ও প্রভোস্টদের উপস্থিতিতে অসদাচরণ করায় শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. সোহেল রানা এবং পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের তানভীর ফয়সালকে সতর্কীকরণ চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে রিজেন্ট বোর্ডের সভায়।
