বাউবির লোগো থেকে কোরআনের আয়াত সরানোয় সমালোচনা

  • বাউবিকে বদলে দেওয়ার প্রত্যয় নিয়ে উন্মোচিত হয়েছে নতুন লোগো
  • 'হে প্রভু তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও’— বাক্যটি খুবই ইনক্লুসিভ
  • বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ, ধর্মহীন দেশ নয়
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৬ পিএম

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নতুন লোগো উন্মোচনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হচ্ছে। নতুন লোগো থেকে পবিত্র কোরআনের একটি আয়াত সরিয়ে দেওয়ায় বিভিন্নজন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। তবে বাউবি বলছে, বাউবিকে বদলে দেওয়ার প্রত্যয় নিয়ে উন্মোচিত হয়েছে নতুন লোগো। 

গত ৫ ডিসেম্বর উন্মোচিত হয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন লোগো। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার তার কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে বাউবির নতুন লোগো উন্মোচন করেন।

নতুন লোগো সম্পর্কিত ভাবনা নিয়ে এক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, বাউবিকে বদলে দেওয়ার প্রত্যয় নিয়ে উন্মোচিত হলো নতুন লোগো। বাউবির নতুন লোগোতে নানা অঙ্গীকার ও নানা উপলব্দি সঞ্জীবিত হয়েছে। নতুন লোগোতে প্রযুক্তিনির্ভর উন্মুক্ত ও দূরশিক্ষণ, চতুর্থ শিল্পযুগ ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতীকী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত বাংলা নাম বাউবি ও ইংরেজি নাম এর বর্ণ তিনটি স্থান অনুপাতে অর্ধমূর্ত ও মূর্তভাবে এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সরাসরি অর্ধবৃত্তাকারে উপস্থাপন ও রঙের বিন্যাস দেখানো হয়েছে।

তবে নতুন এই লোগোতে স্থান পায়নি পুরনো লোগোতে থাকা কোরআনের একটি আয়াত—‘হে প্রভু তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও’। সে জায়গায় স্থান করে নিয়েছে ইংরেজিতে ‘বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি’।

আর এতেই শুরু হয়েছে নানা বিতর্ক ও আলোচনা-সমালোচনা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটার ও ইউটিউবে বিভিন্নজন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।

বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও বক্তা মিজানুর রহমান আজহারী ফেসবুক পোস্টে লেখেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের লোগো থেকে কোরআনের একটি আয়াতকে সরিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ, ধর্মহীন দেশ নয়। ‘হে প্রভু তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও’— বাক্যটি খুবই ইনক্লুসিভ। কারো ধর্ম বিশ্বাসের সাথেই কথাটি সাংঘর্ষিক নয়।

তিনি আরও লেখেন, এ বাক্যটি শুধু কোরআনের আয়াতকে প্রতিনিধিত্ব করে না, বরং এটা প্রতিনিধিত্ব করে গোটা দেশের সকল ধর্মের মানুষের মৌলিক ধর্ম বিশ্বাসের। জ্ঞান তো প্রভুর কাছেই চাইতে হবে। কেবল সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা নয়; হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ নির্বিশেষে যেকোনো ধর্মের শিক্ষার্থীরা একই সুরে একই সাথে নির্দ্বিধায় বলতে পারে— ‘হে প্রভু তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও’। হোক না ধর্ম বিশ্বাস ভিন্ন ভিন্ন। কিন্তু এ বাক্যটিতে কারো আপত্তি থাকার কথা নয়। তবুও সুকৌশলে ইসলামের চমৎকার এ নিদর্শনগুলো মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। চাইলে তো মদীনা সনদেই চলতে পারে যে দেশ; সেখানে এমনটা কেন হচ্ছে?

এর আগে, শায়খ আহমাদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন লোগো থেকে ‘হে প্রভু তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও’ কুরআনিক বাক্যটি সরিয়ে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে এদেশের ধর্মপ্রাণ মানুষেরা যে ভীষণভাবে মর্মাহত ও সংক্ষুব্ধ হয়েছে, বলার অপেক্ষা রাখে না।

'আমরা অনেকেই ধর্মকে উন্নতি ও অগ্রগতির পথে বাধা মনে করছি' মন্তব্য করে তিনি আরও লেখেন,  অথচ মালয়েশিয়া-সহ পৃথিবীর বহু মুসলিম দেশের রন্ধ্রে রন্ধ্রে ইসলামি মূল্যবোধ ও আদর্শ বহাল থাকার পরও তারা উন্নতির চরম শিখরে পৌঁছেছে। শুধু তাই নয়, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, ডেনমার্ক-সহ অনেক খ্রিষ্টান প্রধান দেশের জাতীয় পতাকায় খোচিত আছে তাদের ধর্মীয় নিদর্শন ক্রুশের চিহ্ন। পৃথিবীর বহু দেশের জাতীয় সংগীতে উজ্জ্বল হয়ে আছে তাদের ধর্মের অনুষঙ্গ।

তিনি আরও লেখেন, এমনকি যাদের আমরা উন্নয়নের রোল মডেল মনে করি, যাদের উন্নতি দেখে আমরা দিবারাত্র ঈর্ষা করি, সেই তাদের ডলারের গায়ে লেখা আছে ইন গড উই ট্রাস্ট। ধর্ম তাদের উন্নতি ও অগ্রগতির পথে বাধা হলো না, অথচ উন্নতির দোহাই দিয়ে আমরা নানাভাবে ধর্মীয় অনুষঙ্গ ছাঁটাই করে চলেছি। এটা করে আমরা কতটুকু উন্নত হতে পেরেছি তা উল্লিখিত দেশগুলোর সাথে নিজেদের তুলনা করলেই স্পষ্ট হয়ে যায়। 

শায়খ আহমাদুল্লাহ শেষে লেখেন, পৃথিবীর প্রায় সকল সভ্যতা ধর্মীয় বিশ্বাসের ওপর নির্ভর করে গড়ে উঠেছে। এ কারণে ধর্মের কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। যারা উন্নয়নের দোহাই দিয়ে ধর্ম ত্যাগ করছে, তারা মূলত বিশ্বসভ্যতার সাথে বিশ্বাসঘাতকতা করছে। আজ একটি জাতীয় প্রতিষ্ঠানের লোগো থেকে কুরআনিক বাক্য সরিয়ে দেওয়া হলো। কাল অন্য জায়গা থেকে যে সরিয়ে দেওয়া হবে না, তার কোনো নিশ্চয়তা নেই। এভাবে চলতে থাকলে একদিন মুসলিম নামটাই আমাদের কাছে লজ্জার কারণ হয়ে উঠবে।

আশিকুর রহমান নামে আরেক সোশাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন লোগো থেকে ‘হে প্রভু তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও’ কুরআনিক বাক্যটি সরিয়ে দেওয়া হয়েছে। আমি একজন মুসলিম বাঙালি হিসেবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মুহাম্মদ জসিম হৃদয় লিখেছেন, ইসলামবিদ্বেষী মানুষগুলো দিন দিন তাদের আসল রূপ দেখাতে সক্ষম হচ্ছে। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক।

তৌফিক আল হাসান লিখেছেন, দেশের শিক্ষা এখন ধংসের পথে। এমাদুল্লাহ লিখেছেন, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, হে আল্লাহ মুসলিমদেরকে সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত