আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হলে হুতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসরায়েল

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০৬:৫১ পিএম

আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হলে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে ইসরায়েল। লোহিত সাগরে জাহাজ চলাচল ব্যাহত হওয়া প্রসঙ্গে এ মন্তব্য করলেন ইসরায়েলের নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবি। সোমবার (১০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ইসরায়েলের চ্যানেল ১২-কে নিরাপত্তা উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে কথা বলেছেন। ইসরায়েল বিশ্বকে সংগঠিত হতে কিছুটা সময় দিচ্ছে। কিন্তু যদি আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়, আমরা এই নৌ অবরোধ অপসারণে পদক্ষেপ নেব।

ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ২০১৪ সাল থেকে সৌদি আরব সমর্থিত জোটের বিরুদ্ধে গৃহযুদ্ধ চালিয়ে আসছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে তাদের সামুদ্রিক কার্যক্রম বেড়েছে। ইতোমধ্যে ইসরায়েল সংশ্লিষ্ট বেশ কিছু জাহাজও দখল করেছে তারা। বর্তমানে মার্কিন যুদ্ধজাহাজ ওই অঞ্চলে জাহাজ চলাচলে নিরাপত্তা দিচ্ছে।

মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহে দক্ষিণ লোহিত সাগরে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে ছোড়া বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ। এর মধ্যে একটি ঘটনা ঘটেছে তিনটি বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার সময়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত