বাংলাদেশে মানবাধিকার কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘আজকে বিশ্ব মানবাধিকার দিবস। প্রতিদিন দেশের নাগরিকদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানবাধিকার লঙ্ঘন করে গণতান্ত্রিক অধিকার হরণ করছে। কিন্তু মানবাধিকার কমিশন নিরব।’
রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজারে মানবাধিকার কমিশনের কার্যালয়ের সামনে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এ প্রশ্ন তুলেন।
সাইফুল হক বলেন, ‘আমাদের দেশে মানবাধিকার কমিশন রয়েছে। কিন্তু তারা কি করছে। দেশে একের পর এক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলেও মানবাধিকার কমিশনের কোনো ভুমিকা নেই। কোনো ঘটনার তদন্ত করার ক্ষমতা তারা রাখে না? এই কমিশন কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেনি। এই ধরনের কমিশন দেশের মানুষ আর দেখতে চায় না।’
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বাংলাদেশ মানবাধিকার কমিশন অনেকগুলো বছর ধরে কাজ করছে। কিন্তু কি কাজ করে তারা? নেপাল, ভুটানের মতো দেশ মানবাধিকারে ‘এ’ শ্রেণিতে উন্নিত হয়েছে। আমরা এতগুলো বছর ধরে ‘বি’ শ্রেণি থেকে উপরে যেতে পারি না। রাজনৈতিক দলের সভা সমাবেশ পুলিশ পণ্ড করে দেয়, গ্রেপ্তার করে নিয়ে যায়। আর আমাদের মানবাধিকার কমিশন কি করে?’
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে বলেন, ‘আগামী ৭ জানুয়ারি নির্বাচনে কোনো দেশপ্রেমিক মানুষ ভোট দিতে পারে না। ঐক্যবদ্ধ হোন, রাজপথের দখল নিন। তাহলে নির্বাচন বন্ধ করতে বাধ্য হবে সরকার। অপেক্ষা করেন বেশি সময় নেই এই সরকারকে মানুষ ধাওয়া করবে। তখন আর পালানোর পথ পাবে না। আমরাও তাদের ধাওয়া করব।’
