মানবাধিকারবিষয়ক জাতিসংঘের সর্বজনীন ঘোষণার প্রতি অঙ্গীকার অটুট থাকবে বলে জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা ১৩ কূটনৈতিক মিশন ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মানবাধিকারকর্মী ও মৌলিক স্বাধীনতার পক্ষে কাজ করে এমন ব্যক্তিদের পাশের থাকার প্রতিশ্রুতি দিয়েছে তারা। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে গতকাল রবিবার এক যৌথ বিবৃতিতে এ প্রতিশ্রুতির কথা জানায় মিশনগুলো। মানবাধিকারবিষয়ক জাতিসংঘের সর্বজনীন ঘোষণার ৭৫তম বার্ষিকীতে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘যারা মানবাধিকার রক্ষা ও অগ্রসর করার জন্য কাজ করে, মৌলিক স্বাধীনতা এবং সবার জন্য সমতা ও মানবাধিকার রক্ষা আর উন্নয়নের প্রচারে গণতন্ত্র যে মৌলিক ভূমিকা পালন করে তা তুলে ধরে, তাদের প্রতি আমরা আমাদের সমর্থন এবং সংহতি পুনর্নিশ্চিত করছি। মানবাধিকারের সর্বজনীন ঘোষণার নীতির প্রতি আমাদের অঙ্গীকার অটুট।’
যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দূতাবাস/হাইকমিশনের মধ্যে রয়েছে কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইইউ ও অস্ট্রেলিয়া।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস সামনে রেখে মানবাধিকার লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্র চলতি মাসে ১৩ দেশের ৩৭ ব্যক্তির প্রতি নিষেধাজ্ঞা ও ভিসা বিধিনিষেধ করেছে। যুক্তরাজ্য ও কানাডাও বিভিন্ন দেশের অর্ধশত ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে একই ব্যবস্থা নিয়েছে।
