সুপ্রিম কোর্টে ব্যারিস্টার মইনুলকে শেষ বিদায়

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৫:০৫ এএম

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) সাবেক সভাপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে শেষ বিদায় জানালেন সুপ্রিম কোর্টে তার দীর্ঘদিনের সহযোগী আইনজীবীসহ উচ্চ আদালতের বিচারপতিরা। দুপুর পৌনে ২টার দিকে সুপ্রিম কোর্টে মইনুল হোসেনের জানাজার নামাজ সম্পন্ন হয়। মইনুল হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল আপিল বিভাগে দ্বিতীয়ার্ধে (বেলা ১১টার পর থেকে সোয়া ১টা পর্যন্ত) এবং হাইকোর্ট বিভাগে দ্বিতীয়ার্ধে (দুপুর ২টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত) বিচারকাজ বন্ধ থাকে। 

জানাজায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, আপিল বিভাগের বিচারপতি বোরহানউদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, জ্যেষ্ঠ আইনজীবী এম. আমীর-উল ইসলাম, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট বারের সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনসহ হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, আইনজীবী ও তার পরিবারের সদস্যরা অংশ নেন।

জানাজার আগে প্রধান বিচারপতি বলেন, ‘ব্যক্তিজীবনে ব্যারিস্টার মইনুল হোসেন অত্যন্ত সদালাপী ও ভালো মানুষ ছিলেন। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হলো আমাদের দেশে জুডিশিয়ারি যখন এরশাদ সাহেবের (সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ) আমলে একটি খারাপ অবস্থায় পড়ে গিয়েছিল, বিভিন্ন জায়গায় হাইকোর্ট বেঞ্চ বসানো হয়েছিল তখন অষ্টম সংশোধনীর মামলায় অন্যান্য আইনজীবীর সঙ্গে তিনিও ছিলেন। এই মামলায় মইনুল হোসেনের যথেষ্ট অবদান রয়েছে।’ জানাজা শেষে মরহুমের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় রাজধানীর ইত্তেফাক মোড়ে ‘দৈনিক নিউ নেশন’ পত্রিকা অফিসে। এ পত্রিকার প্রকাশক ছিলেন তিনি। সেখান থেকে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। ক্যানসারে আক্রান্ত মইনুল হোসেন গত শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত