ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজাতে ইসরায়েলের বর্বর আগ্রাসনের জেরে আবারও জাতিসংঘের সাধারণ পরিষদে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। মিশর এবং মৌরিতানিয়ার অনুরোধে এই অধিবেশন ডাকা হয়েছে বলে জানা গেছে।
নিউইয়র্কের স্থানীয় সময় আগামীকাল মঙ্গলবার বেলা তিনটায় এই অধিবেশন বসবে বলে জানিয়েছেন সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ডেনিস ফ্রান্সিস।
সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ‘বিশেষ অধিবেশনের জন্য জাতিসংঘের সব সদস্য দেশকে চিঠি দিয়েছেন ডেনিস ফ্রান্সিস। চিঠিতে তিনি জানিয়েছেন যে, মিশর এবং মৌরিতানিয়া ‘শান্তির জন্য ঐক্যবদ্ধ’ রেজুলেশন ৩৭৭ আহ্বান করার কারণে মঙ্গলবার সাধারণ পরিষদের একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে।।
মিসর আরব দেশগুলোর জোট আরব গ্রুপের সভাপতি। আর মৌরিতানিয়া মুসলিম দেশগুলোর জোট অর্গানাইজেশন ফর ইসলামিক কো–অপারেশন অব কান্ট্রিসের (ওআইসি) সভাপতি।
১৯৫০ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ৩৭৭ রেজল্যুশন অনুমোদন দেয়। ৩৭৭ অনুসারে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সুরক্ষিত রাখতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ব্যর্থ হলে পরিষদের ১৯৩ সদস্য পদক্ষেপ নিতে পারে।
এর আগে গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আরব আমিরাত উত্থাপিত গাজায় দ্রুত যুদ্ধবিরতির প্রস্তাবে বিরোধিতা করে ভেটো দেয় পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র। এর ফলে গাজায় ইসরায়েলের গণহত্যা থামানোর প্রয়াস ব্যর্থ হয়।
