মুসলিম বিশ্ব স্বাগত জানাল কোরআন বিষয়ক আইনকে

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৪ এএম

সম্প্রতি ডেনমার্কে পবিত্র কোরআন পোড়ানো নিষিদ্ধ করে পাস হওয়া আইনকে স্বাগত জানিয়েছে মুসলিম বিশ্বের আন্তর্জাতিক সংস্থা ও ইসলামি প্রতিষ্ঠান। দেশটির এ আইনে পবিত্র কোরআনসহ অন্যান্য ধর্মীয় গ্রন্থের সঙ্গে অনুপযুক্ত আচরণ অপরাধ হিসেবে সাব্যস্ত করা হয়।

ডেনমার্কের নেওয়া এ পদক্ষেপের প্রশংসা করেছে মুসলিম দেশগুলোর সর্ববৃহৎ সংস্থা অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি), মিসরের বিশ্বখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয় ও ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (আইসিইএসসিও)।

গত শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে ওআইসির মহাসচিব হুসাইন ইবরাহিম তোহা আশা প্রকাশ করে জানান, ধর্মীয়ভাবে সম্মানিত গ্রন্থগুলোর অবমাননা ও ধর্মীয় বিদ্বেষ প্রতিরোধের প্রচেষ্টায় আইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তা ছাড়া আইনটি বিভিন্ন ধর্ম, সম্প্রদায় ও মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান, সহনশীলতা, বন্ধুত্ব ও সম্প্রীতি তৈরি করবে।

এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে কোরআন পোড়ানোর প্রতিরোধে পদক্ষেপ নেওয়ায় ডেনমার্কের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। তা ছাড়া কোরআনের কপি পোড়ানোর ঘটনা প্রত্যক্ষ করেছে এমন দেশগুলোও এ ধরনের পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করে দেশটি।

চলতি বছর বেশ কয়েকবার ডেনমার্ক, সুইডেনসহ ইউরোপের কয়েকটি দেশে পবিত্র কোরআনের কপি পোড়ানোর ঘটনা ঘটে। তখন সারা বিশ্বের মুসলিমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এ ধরনের অবমাননামূলক কর্মকাণ্ড নিষিদ্ধ করে আইন করার আহ্বান জানায়।

এরপর গত ৭ ডিসেম্বর ধর্মীয় তাৎপর্যপূর্ণ কোনো লেখার সঙ্গে অনুপযুক্ত আচরণ করাকে অপরাধ করে একটি আইন পাস করে সুইডিশ পার্লামেন্ট।

আইনে বলা হয়েছে, ডেনমার্কে পবিত্র কোরআন পোড়ানো, ছেঁড়া বা অমর্যাদাকর কোনো কাজ করা যাবে না, করলেই হবে জরিমানা বা জেল। ফলে এই উত্তর ইউরোপীয় দেশে পবিত্র কোরআন পোড়ানো, ছেঁড়া বা অমর্যাদাকর আচরণ শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। বিলের পক্ষে ৯৪ ও বিপক্ষে ৭৭টি ভোট পড়ে।

বিলে আরও বলা হয়েছে, ‘একটি স্বীকৃত ধর্মের গুরুত্বপূর্ণ বই বা লেখার প্রতি অন্যায্য আচরণ করা যাবে না। ধর্মগ্রন্থ পোড়ানো, ছেঁড়া বা অমর্যাদার জন্য জরিমানা বা দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। পবিত্র ধর্মগ্রন্থ পোড়ানো নিয়ে যদি ভিডিও প্রচার করা হয়, তাহলে অপরাধীর কারাদণ্ড হবে।’

ডেনমার্কের বিচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেনমার্কের বিরুদ্ধে জঙ্গি আক্রমণের সম্ভাবনা কম করার জন্য এই বিল পাস করা হয়েছে। এই আইন ধর্মগ্রন্থের বিদ্রুপ, অসম্মান বন্ধ করতে চেয়েছে। বিচারমন্ত্রী পিটার হুমেলগার্ড বলেছেন, ‘আমাদের দেশ ও দেশের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতেই হবে। সেজন্যই আমাদের এই ব্যবস্থা নেওয়া জরুরি ছিল।’

কয়েকমাস আগেই ডেনমার্ক ও সুইডেনে পবিত্র কোরআন পোড়ানো নিয়ে রীতিমতো আলোড়ন দেখা দেয়। প্রচুর দেশ এই ঘটনার তীব্র নিন্দা করে। ইরাকে ডেনমার্কের দূতাবাসের সামনে বিক্ষোভ দেখানো হয়।

বিলটি প্রথমে আগস্ট মাসে পেশ করা হয়। তারপর একবার তা সংশোধন করা হয়। বিল আইনে পরিণত হওয়ার আগে ডেনমার্কের রানীর সই দরকার হয়। সেই সই এই মাসের শেষে হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত