পাহাড় বাঁচাতে করণীয় ও সমাধান বের করার প্রত্যয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক পর্বত দিবস উদযাপিত হয়েছে। গতকাল সোমবার রাজধানীর বেইলি রোডে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তরা বলেন, ‘নিজেদের বাঁচার তাগিদেই পর্বত, পরিবেশকে রক্ষা করতে হবে। পরিবেশ রক্ষার গাইডলাইন মেনে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।’
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মশিউর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘শুধুমাত্র আলোচনা ও সভা-সিম্পোজিয়াম করে ঘরের মধ্যে বন্দি থেকে দিবস উদযাপন করলে চলবে না। ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে একটি ক্লিয়ার প্রোগ্রাম অনুসরণ করে সারা বছরব্যাপী বড় পরিসরে এর সুষ্ঠু ব্যবস্থাপনা করতে হবে।’
তিনি আরও বলেন, জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন বিষয়ের ওপর আমরা দিবস পালন করে থাকি। তিনি বলেন, দিবসগুলো পালনের মূল উদ্দেশ্য হলো যে বিষয়গুলোর ওপর দিবস পালিত হয়, সে দিবসগুলো সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করে মানুষকে উদ্বুদ্ধ করা। এর জন্য ক্রোড়পত্র প্রচার করা, বিশেষ সংবাদ প্রচার করা, সভা করা, সেমিনার করা ও র্যালি করা।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউএনডিপির চিফ টেকনিক্যাল স্পেশিয়ালিস্ট ড. রাম শর্মা, এফএওর ন্যাশনাল কনসালট্যান্ট প্রোগ্রাম অনিল কুমার দাস, হেলেন কিলারের প্রোগ্রাম ডিরেক্টর মিজ হেন হেন। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, খাগড়াছড়ি ট্রাইবাল রিফিউজি অ্যাফেয়ার্স টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, বান্দরবান জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ ও মানুষের জন্য ফাউন্ডেশনের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ইশরাত পারভীন ইমা। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম।
