মিছিল থেকে ঢাবি ছাত্রদলের দুই নেতাকে আটকের অভিযোগ

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৩:২৮ পিএম

বিএনপির ডাকা অবরোধের সমর্থনে রাজধানীর চানখারপুল এলাকায় মিছিলের প্রস্তুতির সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রদল নেতাকে আটকের অভিযোগ উঠেছে। আটককৃতরা হলেন ঢাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রদলের সভাপতি গাজী মো. সাদ্দাম হোসেন এবং শহিদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান। মঙ্গলবার সকাল সাতটায় চানখারপুলে ঢাবির অমর একুশে হলের বিপরীত পাশে এ ঘটনা ঘটে। মিছিল শুরুর আগেই গোয়ান্দা পুলিশ তাদের আটক করে বলে অভিযোগ ছাত্রদল নেতাদের। 

জানা যায়, হরতাল ও অবরোধের সমর্থনে ঢাবি শাখা ছাত্রদল সকাল সাতটার দিকে চানখারপুল এলাকায় মিছিল করার প্রস্তুতি নেয়। এসময় চারটি গাড়িতে ১২ জন ডিবি পুলিশ এসে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় নিন্দা জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকালে অবৈধ তফসিল বাতিলের দাবিতে ঘোষিত অবরোধের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল সংলগ্ন এলাকায় আমরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ ওই এলাকার চারদিক ঘিরে ফেলে ডিবি পুলিশ। এসময় আনন্দবাজার এলাকা থেকে শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রদলের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যলয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক গাজী মো. সাদ্দাম হোসেন এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মেহেদী হাসানকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায়। বিভিন্ন থানায় যোগাযোগ করেও তাদের সন্ধান মিলেনি । এসময় ডিবি পুলিশ তাদের উপর অতর্কিত আক্রমণ করে। ডিবি পুলিশের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও অমর একুশে হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাপ্পীসহ কয়েকজন গুরুতর আহত হন।

শাখা ছাত্রদল সভাপতি খোরশেদ আলম সোহেল বলেন, আমরা মিছিলের জন্য জড়ো হচ্ছিলাম তখনি ডিবি পুলিশ আমাদের আক্রমন করে। তারাসআমাদের দুজনকে আটক করেছে, আমরা আশেপাশের থানায় খোঁজ নিয়েও তাদের সন্ধান পাইনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত