অনুপম রায়ের প্রাক্তন পিয়া চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তাদের বিয়ে ঘিরে সোশ্যালে বেশ চর্চা হয়। অনুপমের সঙ্গে পিয়ার সম্পর্ক ভাঙার পেছনে দায়ি কে, এসব নিয়ে নানারকম মন্তব্য ঘুরে বেরিয়েছে সোশ্যালে। অনেকেই দোষারোপ করেন অভিনেতাকে। আবার পরমব্রতর দীর্ঘদিনের প্রেম ভাঙার জন্যও হয় এমন নানা আলোচনা। কখনওই এসব নিয়ে খুব একটা চিন্তিত নন কেউই। তবে এবার মুখ খুললেন অভিনেতা।
বারবার এই গুঞ্জন শোনা গেছে পরমব্রতের জন্যই নাকি ঘর ভেঙেছিল অনুপম-পিয়ার। তাদের সম্পর্কের কথা জানতে পেরেই গায়ক সরে গিয়েছিলেন সবকিছু থেকে। এমনকী দু’জনে নাকি লিভ ইন করতেন বলেও শোনা গিয়েছিল। একটি সাময়িক পত্রিকায় সাক্ষাৎকারে পরমব্রত বলেন, এই সমাজ আজও বিয়ে ভাঙলে কোনও মেয়েকেই আগে দোষ দেয়। শুধু তাই নয়, একটা সম্পর্ক ভাঙার পর অন্য কোনও সম্পর্কে গেলেও তা নিয়ে নানা চর্চা শুরু হয়। মানুষ মেনে নিতে পারে না এগুলো।
শুধু তাই নয়, বিয়ে একটি সামাজিক স্বীকৃতি বলে মানুষের কষ্ট হয় আর ভালোবাসার সম্পর্ক ভাঙলে কারোর কোনও কষ্ট হয় না, এমনটা ভাবার যে কোনও কারণ নেই সেকথাও বলেছেন পরমব্রত।
প্রসঙ্গত, চারিদিকে নানা আলোচনা হলেও, অনুপম এবং পিয়া কখনওই তাদের সম্পর্ক ভাঙার কারণ নিয়ে মুখ খোলেননি। শুধু তাই নয়, একে অন্যকে কোনওরকম দোষারোপ না করে একেবারে যৌথ বিবৃতি দিয়ে সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা করেছিলেন।
তবে এই সমাজের নানা জায়গায় বারবার শোনা গেছে একটাই কথা। সম্পর্ক ভাঙার পিছনে কে? পরমব্রত স্পষ্ট জানান, তারা দু’জনে বরাবরই খুব ভালো বন্ধু। আমারও দীর্ঘ বছরের সম্পর্ক ভেঙেছে। তাই সম্পর্ক ভাঙার পর কিছুটা সময় নিয়েছিলাম দু’জনেই। তবে যে যাই বলুক না কেন, ‘কোনোভাবেই আমি পিয়ার বা পিয়া আমার সম্পর্ক ভাঙার জন্য দায়ী নই।’
