খুলনায় বাড়িতে ঢুকে এক কিশোরীকে দল বেঁধে ধর্ষণের পর লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
গত সোমবার রাত ২টার দিকে নগরীর কৈয়া বাজার সংলগ্ন গোলা গ্রামে এ ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগে গোবিন্দ ফৌজদার (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ওই কিশোরীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিবেশীরা জানান, গোবিন্দ ফৌজদার নামে স্থানীয় এক যুবক ওই কিশোরীকে বিয়ের প্রস্তাবসহ নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। কিন্তু প্রস্তাব প্রত্যাখ্যান করায় সে ক্ষুব্ধ হয়। পরে পরিকল্পিতভাবে তাকে ধর্ষণ ও তার বাড়িতে লুটপাটের ঘটনা ঘটিয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাত ২টার দিকে তিনজন দুর্বৃত্ত কৈয়া বাজার সংলগ্ন গোলা গ্রামের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষা কর্মকর্তার বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা বাড়ির লোকজনকে জিম্মি করে। এরপর তার মেয়েকে ধর্ষণ করে। যাওয়ার সময় বাড়ির স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে যায়।
হরিণটানা থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, আটক গোবিন্দ ফৌজদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য দুই যুবককে গ্রেপ্তার করার জন্য অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
এ ব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. মোজাম্মেল হক বলেন, ঘটনাটিকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি। অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না।
