ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে যা বললেন বাইডেন

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১০:৩৮ এএম

গাজায় নির্বিচারে বোমা হামলা চালানোর কারণে ইসরায়েল বিশ্বজুড়ে সমর্থন হারাচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে প্রেসিডেন্ট বাইডেনের পক্ষ থেকে ইসরায়েলের নেতৃত্বের সমালোচনা করে এটাই সবচেয়ে কড়া বিবৃতি।

বাইডেন বলেন, ইসরায়েল তার নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করতে পারে। এছাড়া তাদের পাশে ইউরোপীয় ইউনিয়ন আছে, পুরো বিশ্ব আছে। কিন্তু নির্বিচারে বোমা হামলার মাধ্যমে তারা সে সমর্থন হারাচ্ছে।

তিনি একথাও বলেছেন যে, হামাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের সমালোচনা করলেও গাজায় সামরিক অভিযানের জন্য আমেরিকা যে সহায়তা দিচ্ছে সেখান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেননি।

গাজার ভবিষ্যৎ নিয়ে প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের সঙ্গে মতপার্থক্যের বিষয়টি প্রকাশ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফিলিস্তিনের সঙ্গে দ্বি-রাষ্ট্রিক সমাধানে যাবার বিরোধিতা করছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকার শীর্ষ কূটনীতিকরা দুই রাষ্ট্র সমাধানের বিষয়টিকে সামনে নিয়ে আসছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত