ফের সহ-অধিনায়কত্ব পেলেন হেড, একাদশে ফিরলেন লায়ন

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১২:৪৫ পিএম

অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জয় ও বিশ্বকাপ জয়ের নায়ক ট্রাভিস হেডকে ফেরানো হয়েছে পুরনো দায়িত্বে। আবারও টেস্টের সহ-অধিনায়কত্ব দেওয়া হয়েছে তাকে। পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্ট দিয়ে শুরু হবে হেডের এই পথচলা।

আগামীকাল শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। এই ম্যাচের জন্য আগের দিনই একাদশ ঘোষণা করে দিয়েছে অস্ট্রেলিয়া। সবশেষ খেলা টেস্টের একাদশ থেকে কেবল একটি পরিবর্তন আনা হয়েছে। টড মার্ফির জায়গা দলে ফিরেছেন নাথান লায়ন। অ্যাশেজের মাঝপথে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন অভিজ্ঞ এই স্পিনার।

এর আগেও টেস্টের সহ-অধিনায়ক ছিলেন হেড, টিম পেইন অধিনায়ক থাকার সময়ে। এবার তিনি স্টিভেন স্মিথের সঙ্গে এই দায়িত্ব পেলেন হেড। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের অনুপস্থিতিতে স্মিথই থাকবেন নেতৃত্বে অস্ট্রেলিয়ার প্রথম পছন্দ। তাদের দুইজনই না থাকলে নেতৃত্ব দেওয়ার সুযোগ মিলবে হেডের। মূলত ভবিষ্যতের দলপতি গড়ে তোলার জন্যই হেডকে এই দায়িত্বে রেখেছে অস্ট্রেলিয়া।

ডেভিড ওয়ার্নারকে দলে রাখা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হলেও, অভিজ্ঞ এই ওপেনারকে একাদশেও রেখেছে অস্ট্রেলিয়া। টপ অর্ডারের বাকি দুই ব্যাটসম্যান উসমান খাওয়াজা ও মারনাস লাবুশে। মিডল অর্ডারে আছেন অভিজ্ঞ স্মিথ, হেড, মিচেল মার্শ ও অ্যালেক্স কেরি। পেস বোলিংয়ের অভিজ্ঞ তিনজনই আছেন একাদশে।

অস্ট্রেলিয়ার একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স কেরি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন, জশ হ্যাজেলউড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত