চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২ মার্চ। ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে এবছরের ভর্তি পরীক্ষা শুরু হবে। শিক্ষার্থীদের ভোগান্তি বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রাম বিভাগের পাশাপাশি ঢাকা বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বিভাগের কেন্দ্র হবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বুধবার (১৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক ডিন।
জানা যায়, ২ মার্চ (এ) ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে চবির ভর্তি পরীক্ষা শুরু হবে। পরে ৮ মার্চ (বি) ইউনিট, ০৯ মার্চ (সি) ইউনিট এবং ১৬ মার্চ অনুষ্ঠিত হবে (ডি) ইউনিটের পরীক্ষা। (বি)-১ উপ- ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ মার্চ ও (ডি)-১ হবে ৪ মার্চ। (বি) ইউনিটের -১ এর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২, ১৩ ও ১৪ মার্চ এবং (ডি)-১ এর ব্যবহারিক পরীক্ষা হবে ১০ ও ১১ মার্চ। গত বছরের তুলনায় আবেদন ফি বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার আবেদন নির্ধারণ করা হয়েছে ৯০০ টাকা।
আবেদন শুরু হবে ৪ জানুয়ারি দুপুর সাড়ে ১২টা থেকে। যা চলবে ১৮ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। অনলাইনে টাকা জমা দেওয়া যাবে ২০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
