চাকরির আশ্বাস দিয়ে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলামের বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে শহরের মুজিব সড়কের জহুরা মল্লিকা ভবনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কলেজছাত্রী। অভিযুক্ত আলী আসলাম কাজিপুর সদর ইউনিয়নের সিংড়াবাড়ি গ্রামের বাসিন্দা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কলেজছাত্রী বলেন, আলী আসলামের স্ত্রী আমার বান্ধবী। সে সুবাদে তার সাথে আমার পরিচয়। এক পর্যায়ে তিনি আমাকে চাকরি প্রলোভন দেখান। গত ৩০ এপ্রিল তিনি আমাকে কাগজপত্র নিয়ে তার বাড়িতে যেতে বলেন। তার বাড়িতে যাওয়ার পর তিনি আমাকে জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি যেন কেউ জানতে না পারে এই বলে ভয়ভীতি দেখান। পরবর্তীতে আলী আসলাম ভয় দেখিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে বেশকয়েকবার ধর্ষণ করেন। এক সময় তাকে বিয়ের জন্য চাপ দিলে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান। বাধ্য হয়ে গত ১ ডিসেম্বর দুপুরে বিয়ের দাবিতে আমি আলী আসলামের বাড়িতে যাই।
ওইদিন রাতে তিনি আমাকে বিয়ের আশ্বাস দিলে অন্য একজনের বাড়িতে নিয়ে যান। পরে আমার মাথায় পিস্তল ঠেকিয়ে ফের ভয়ভীতি দেখায়। এসব ঘটনায় গত ৯ ডিসেম্বর বিকেলে আমি বিষপান করি। এ ঘটনায় কাজিপুর থানায় তার বিরুদ্ধে মামলা করেছি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত আলী আসলামকে মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেন নি।
এ বিষয়ে কাজীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী বলেন, ঘটনাটি শুনেছি। অন্যের দ্বারা প্রভাবিত হয়ে ওই মেয়ে এমন বক্তব্য দিচ্ছে।
এ বিষয়ে কাজিপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
