কুড়িগ্রাম ও লালমনিরহাটের আওতাধীন ওপিজিডব্লিউ ক্ষতিগ্রস্ত লাইন মেরামত ও সংরক্ষণ কাজের জন্যে আগামী শুক্রবার (১৫ ডিসেম্বর) দুই জেলায় দিনব্যাপী বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড।
বুধবার (১৩ ডিসেম্বর) রাতে কুড়িগ্রাম নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিঃ (নেসকো) নির্বাহী প্রকৌশলী মো. আতিফুর রহমান এ তথ্য জানিয়েছেন। এর আগে পাওয়ার গ্রীড অব বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. শাহাজাহান আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পিজিসিভির জিমডি রংপুরের আওতাধীন ১৩২ কেবি কুড়িগ্রাম ও লালমনিরহাট সঞ্চালন লাইন টাওয়ারের উপরে ওপিজিডব্লিউ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ক্ষতিগ্রস্ত ওপিজিডব্লিউ মেরামত পরিবর্তন সংরক্ষণ ও কাজের সময় উক্ত সঞ্চালন লাইন দুটির শার্টন ডাউন প্রয়োজন হওয়ায় লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বিদ্যুৎ সরবরাহ আগামী শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ৭.৩০ হতে বিকেল ৫.৩০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মহিতুল ইসলাম জানান, বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারের ওপিজিডব্লিউ লাইন মেরামতের কারণে আগামী শুক্রবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মেরামতের পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে জানান তিনি।
