সুনামগঞ্জ-৩ আসনে (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিস দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। গত বুধবার জারি করা নোটিস এম এ মান্নানের কাছে পৌঁছায় গতকাল বৃহস্পতিবার দুপরে। আগামী রবিবার সকাল ১০টার মধ্যে কমিটির কাছে এ বিষয়ে লিখিত ব্যাখা দিতে বলা হয়েছে।
সুনামগঞ্জ-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির পক্ষ থেকে যুগ্ম জেলা দায়রা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) রশিদ আহমেদ মিলন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, গত ৯ ডিসেম্বর একটি দলের মনোনয়ন পাওয়ার পর শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের রামেশ্বরপুর বাজারে এবং ১২ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলার আউশকান্দি ইউনিয়নের বড় ফেছি বাজারে কর্মিসভার ব্যানারে উন্মুক্ত জনসভায় অংশগ্রহণ করেন এম এ মান্নান। যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।
