দেশের বিভিন্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস অবস্থান করছে। এসব এলাকায় ভোরে কুয়াশা ও রাতে তীব্র শীত পড়ছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিলো তেঁতুলিয়ায় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবির জানান, আজ যশোরে ১১.০, দিনাজপুরে ১১.১, বদলগাছীতে ১১.২, তেঁতুলিয়ায় ১১.৪, ঈশ্বরদী, নিকলি, শ্রীমঙ্গল ও ময়মনসিংহে ১১.৫, রাজারহাটে ১১.৬, ভোলায় ১১.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারা দেশে আজ রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার এই অবস্থা আগামীকাল ও পরশুও একই থাকতে পারে। তবে বর্ধিত পাঁচ দিনে সামান্য পরিবর্তন হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
