মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় শোভাযাত্রা শুরু করেছে বিএনপি। আজ শনিবার দুপুর ২টা ২৫ মিনিটে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়। শেষ হবে শান্তিনগর মোড়ে গিয়ে।
এর আগে শোভাযাত্রায় অংশ নিতে বেলা সাড়ে ১১টা থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। ঢাকায় বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টনে ঢল নামে নেতাকর্মীদের।
দলীয় কার্যালয়ের সামনে একটি ট্রাকে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। সেখানে শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে। সমাবেশে বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, 'সরকার জাল নির্বাচনের দিকে এগোচ্ছে।'
মিছিলটি রাজধানীর শান্তিনগর মোড়ে শেষ হওয়ার কথা। সমাবেশের আগে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত দলীয় কর্মী-সমর্থকদের অবস্থান করতে দেখা যায়। সমাবেশস্থল ও এর আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হয়েছে।
শোভাযাত্রা বিএনপি নেতা ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, নিতাই রায় চৌধুরী, এজেডএম জাহিদ হোসেন, ব্যারিস্টার কায়সার কামাল, নাজিম উদ্দিন আলম, তাইফুল ইসলাম টিপু, নিপুণ রায় চৌধুরী প্রমুখ উপস্থিত আছেন।