পুঁজিবাজারের নেতৃত্বে রুগ্্ণ কোম্পানি

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০১:৪২ এএম

অপেক্ষাকৃত ভালো কোম্পানির শেয়ারের যখন লেনদেনই হচ্ছে না, তখন বন্ধ ও লোকসানি কোম্পানির শেয়ারদর হু হু করে বাড়ছে। দুই সপ্তাহে অন্তত ১০ কোম্পানির শেয়ারদর ২৫ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত দর বেড়েছে। স্বল্প সময়ে উল্লেখযোগ্য হারে দরবৃদ্ধি পাওয়া সিংহভাগ কোম্পানির ব্যবসা কার্যক্রম বন্ধ বা লোকসানে ধুঁকছে।

পর্যালোচনায় দেখা গেছে, চলতি ডিসেম্বরের প্রথম দুই সপ্তাহে সর্বোচ্চ ৬৫ শতাংশ দর বেড়েছে অলিম্পিক একসেসরিজ নামের তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের। গত নভেম্বরের শেষে শেয়ারটির দর ছিল সাড়ে ১১ টাকা। গত বৃহস্পতিবার ১৯ টাকা ৪০ পয়সায় উঠেছে।

গত নভেম্বরের শুরুতেও শেয়ারটির ফ্লোর প্রাইস ৯ টাকা ৯০ পয়সায় পড়ে ছিল। তখন এর ক্রেতাও ছিল না। অথচ গত বৃহস্পতিবার এর ১ কোটি ৬৪ লাখ শেয়ার ৩০ কোটি টাকার বেশি মূল্যে কেনাবেচা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, চার বছর ধরে কোম্পানিটি লোকসান করছে। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (গত জুলাই-সেপ্টেম্বর) সময়কালেও লোকসানের তথ্য দিয়েছে। এরপরও শেয়ারটির এমন অস্বাভাবিক দরবৃদ্ধি পাচ্ছে। কারসাজি চক্র এর দরবৃদ্ধির নেপথ্যে রয়েছে। নিয়ন্ত্রক সংস্থা এসইসির এক আদেশে এখনো এ শেয়ারটি ‘বি’ ক্যাটাগরির শেয়ার হিসেবে কেনাবেচা হলেও আগামী ফেব্র“য়ারি শেষে তা ‘জেড’ ক্যাটেগরিতে অবনমন হতে পারে।

তালিকাভুক্ত কোম্পানির মধ্যে দুই সপ্তাহে ৪১ শতাংশ দরবৃদ্ধি নিয়ে এর পরের অবস্থানে ছিল সেন্ট্রাল ফার্মা। বন্ধ এই কোম্পানির শেয়ারদর দেড় মাসে প্রায় আড়াই গুণ হয়েছে। ৩৯ শতাংশ দরবৃদ্ধি নিয়ে তৃতীয় অবস্থানে স্ট্যান্ডার্ড সিরামিকসের শেয়ার। এ কোম্পানিটিও টানা চার বছর লোকসানে থাকার পরও এখন ‘বি’ ক্যাটাগরির শেয়ার হিসেবে কেনাবেচা হচ্ছে। অথচ এখন এ শেয়ারটিই বেশি আলোচনায়। গত আগস্টের পর থেকে ফ্লোর প্রাইসে পড়ে থাকা এই শেয়ারের গত ২৯ নভেম্বর থেকে হঠাৎ অস্বাভাবিক হারে দর বাড়ছে।

দুই সপ্তাহে ২৫ শতাংশের বেশি দরবৃদ্ধি পাওয়া অন্য শেয়ারগুলো হলো প্যাসিফিক ডেনিম (৩৭ শতাংশ), আনলিমা ইয়ার্ন (৩৪ শতাংশ), খান ব্রাদার্স পিপি (৩৩ শতাংশ), বিডি থাই অ্যালুমিনিয়াম (২৬ শতাংশ), ইউনিয়ন ক্যাপিটাল (২৫ শতাংশ), ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড (২৫ শতাংশ)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত