গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদের প্রায় ২৬ হাজার ইমাম-খতিবের প্রত্যেককে সম্মানী ভাতা হিসেবে প্রতি বছর ৩৬ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক মেয়র ও বর্তমান মেয়র জায়েদা খাতুনের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম। আসছে বছর জানুয়ারি মাস থেকে এ ঘোষণা কার্যকর করা হবে। গতকাল শনিবার সকালে মহানগরের গাছা থানার ৩৪নং ওয়ার্ডের হাজীরপুকুর বালুর মাঠে সিটি করপোরেশনের ইমাম-খতিব ও ওলামা-মাশায়েখ সমাবেশে জাহাঙ্গীর আলম এ ঘোষণা দেন।
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজমের সভাপতিত্বে সমাবেশে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার সময়ে ইমাম-খতিবদের সম্মানী ভাতা চালু করেছিলাম মাসিক ১ হাজার করে বছরে ১২ হাজার। এবার আমার মা জায়েদা খাতুনকে নির্বাচিত করায় ওই ভাতাকে ৩ গুণ বাড়িয়ে ৩৬ হাজার টাকা করা হলো। বিজয়ের মাস ডিসেম্বর থেকে চালু হয়ে জানুয়ারি থেকে প্রত্যেক ইমাম-খতিবের ব্যাংক হিসাবে টাকা চলে যাবে।
