মাত্র শেষ হয়েছে বিশ্বকাপ। গোটা বিশ্বের বড় ক্রিকেট শক্তিগুলো নজর দিয়েছে ভবিষ্যতের দল গড়তে। তেমনই দুটো একাদশ নিয়ে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ভারত ও দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গের ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে আর্শদীপ সিং ও আভেশ খানের গতিতে চূর্ণ হয়েছে প্রোটিয়ারা। ২৭.৩ ওভারেই তাদের ইনিংস থেমেছে মাত্র ১১৬ রানে। ঘরের মাঠে সর্বনিম্ন স্কোরের লজ্জা পেতে হলো মার্করাম বাহিনীকে।
এদিন দুই দলেই অভিষেক হয়েছে দুই নতুন ক্রিকেটারের। ভারতের জার্সিতে সাই সুদর্শন ও প্রোটিয়া দলে নান্দ্রে বারগার। খেলার দ্বিতীয় ওভারেই আঘাত হানেন আর্শদীপ। আর ২৬তম ওভারে গিয়ে ক্যারিয়ারের প্রথম ফাইফার পূর্ণ করেন তিনি। অল্পের জন্য পাঁচ উইকেট থেকে বঞ্চিত হয়েছেন আভেশ খান। তিনি শিকার করেন ৪ উইকেট। আরেকটি উইকেট নেন কুলদীপ যাদব।
প্রোটিয়া দলে সর্বোচ্চ ৩৩ রান আসে আন্দিল ফেলুকওয়ায়োর ব্যাটে। এছাড়া টনি ডি জর্জি করেন ২৮ রান।
