কর্মীদের মধ্যে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ব্যাংকে কমপ্লায়েন্স ভিত্তিক এবং টেকসই ব্যাংকিং সংস্কৃতি চালু রাখার প্রয়াসে সম্প্রতি বার্ষিক ‘এএমএল এন্ড সিএফটি কনফারেন্স ২০২৩’ আয়োজন করেছে ব্যাংক এশিয়া লিমিটেড।
রাজধানীর পল্টনস্থ ব্যাংকের কর্পোরেট অফিসে আয়োজিত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শাফিউজ্জামান এবং সভাপতিত্ব করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, ক্যামলকো এবং হেড অব চ্যানেল ব্যাংকিং জনাব জিয়াউল হাসান।
ব্যাংকের শাখা, ডিভিশন, সেন্টার ও ইসলামিক উইন্ডো’র কর্মকর্তারা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কনফারেন্সে অংশগ্রহণ করেন। সাম্প্রতিক এমএল টে্রন্ড এবং টাইপোলজি, টিবিএমএল (ট্রেড বেজড্ মানি লন্ডারিং) এবং সিবিএমএল (ক্রেডিট ব্যাক মানি লন্ডারিং) সম্পর্কিত রেড ফ্ল্যাগ যেমন অনলাইন গেমিং, বেটিং, হুন্ডি, শেল কোম্পানি, আন্ডার ইনভয়েসিং, ফান্ড ডাইভারশন, ওভার ভ্যালুয়েশন এবং মর্টগেজ জালিয়াতি নিয়ে কনফারেন্সে আলোচনা করা হয়।
ব্যাংকের এসইভিপি ও গুলশান শাখার প্রধান তানফিজ হোসেন চৌধুরী, এসইভিপি ও প্রিন্সিপাল অফিস শাখা প্রধান মো. আব্দুল লতিফ, এসইভিপি ও এমসিবি বনানী শাখা প্রধান মো. মোস্তাফিজুর রহমান কনফারেন্সে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন এবং প্রতিদিনের ব্যাংকিং কার্যক্রমে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ক করণীয় এবং বর্জনীয় নিয়ে তাদের অভিজ্ঞতা এবং মতামত উপস্থাপন করেন।
