যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তে দুই কেজি ৩৬০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। ভারতে পাচারের সময় পুটখালী গ্রামের পশ্চিম পাড়া থেকে শনিবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়।
বিজিবি জানিয়েছে, আটক ৫৫ বছর বয়সী আতিয়ার রহমান স্থানীয় বাসিন্দা। তার কাছ থেকে জব্দ করা স্বর্ণের দাম দুই কোটি ১২ লাখ ৫২ হাজার টাকা।
বিজিবি বলছে, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে— এমন গোপন সংবাদে পুটখালী বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা পুটখালী গ্রামের পশ্চিমপাড়া এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে ১০টার দিকে একজন সন্দেহভাজন ব্যক্তিকে বাইসাইকেলে সীমান্তের দিকে যেতে দেখা যায়।
এ সময় তার গতিরোধ করে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি করা হয়। একপর্যায়ে তার কোমরে কসটেপে মোড়ানো ২০ পিস স্বর্ণের বার পাওয়া যায় এবং তাকে আটক করা হয়।
২১ ব্যাটালিয়ন বিজিবি জানিয়েছে, জব্দ স্বর্ণের বার যশোর ট্রেজারিতে জমা দেওয়া হবে। আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
