কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১১

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০১:৫৭ এএম

ঢাকার কেরানীগঞ্জে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজনসহ ১১ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কো-া ইউনিয়নের কাওটাইল ঋষিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন পবিবারের উমা রানী (৬০), তার মেয়ে বিনা চক্রবর্তী (৪০), ছেলে দেবা চক্রবর্তী (২৮) ও নাতি পিনাক চক্রবর্তী (১৫)। অন্যরা হলেন প্রতিবেশী লিপি চক্রবর্তী (৩০), স্বপন রাজবংশী (৫৫), তারা রানী (৩৫), তাপশ (৩০), রাখি রানী (৩২), নিঝুম (২৯) ও টিটু চক্রবর্তী (৩৮)। এর মধ্যে নিঝুম ও পিনাক চক্রবর্তীর অবস্থা গুরুতর বলে জানিয়েছেন পরিবার।

স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কো-া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাওটাইল ঋষিপাড়া এলাকার বিমল ঠাকুরের চারতলা বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। নিচতলায় বিমল ঠাকুরের চারতলা ভবনের বিল্ডিংয়ের ছাদে ফাটল ধরেছে।

উমা রানীর নাতনি জ্যোতি দাস জানান, চারতলা বাড়িটি তাদের নিজেদের। নিচতলায় থাকেন উমা রানী এবং তার ছেলে ও মেয়ের পরিবার। সকালে উমা রানী রান্নার জন্য রান্নাঘরে যান। সেখানে গিয়ে দেয়াশলাই জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আর বাসার দেয়ালের কিছু অংশ ভেঙে পড়েছে। দ্রুত দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। আহত প্রতিবেশী লিপি চক্রবর্তীর ছোট ভাই সৌরভ আচার্য জানান, লিপির বাসা ওই বাড়ির পাশেই। এর আগেও দেবা চক্রবর্তী বাসায় আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। সকালে যখন বাড়িটিতে বিস্ফোরণ হয়, তখন সেখান থেকে দেয়ালের ইট এসে লিপির মাথায় পড়েছে। স্বপন রাজবংশী পেশায় ঝালমুড়ি বিক্রেতা। থাকেন ওই এলাকাতেই। সকালে ওই বাড়ির পাশের রাস্তা দিয়ে বাজারে যাচ্ছিলেন তিনি। তখন বিস্ফোরণে ইট এবং সাটার ভেঙে এসে তার মাথায় পড়েছে বলে জানা যায়।

এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে আহত ১০ জনের একটি তালিকা তৈরি করে নিয়ে যান এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এ ছাড়াও কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির ঘটনাস্থান পরিদর্শন করেছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত